২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইশুকুর, জুনায়েদের শতকে বড় সংগ্রহের পথে রাজশাহী

মাইশুকুর রহমান ও জুনায়েদ সিদ্দিকের শতকে সিলেট বিভাগের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে রাজশাহী বিভাগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 07:39 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে রাজশাহীর সংগ্রহ ২ উইকেটে ৩১৬ রান।

জুনায়েদ সিদ্দিক ১০২ ও ফরহাদ হোসেন ১৭ রানে ব্যাট করছেন। লিগে দ্বিতীয় শতক পাওয়া জুনায়েদের ১৯৩ বলের ইনিংসটি ১০টি চারে গড়া।

রোববার বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন মাইশুকুর ও হাবিবুর রহমান। ৮৮ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর জুনায়েদকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন মাইশুকুর।

দ্বিতীয় উইকেটে ১৯৭ রানের বড় জুটি উপহার দেন মাইশুকুর ও জুনায়েদ। ক্যারিয়ার সেরা ১৫৮ রানের চমৎকার ইনিংস খেলে মাইশুকুরের বিদায়ে ভাঙে এই জুটি। তার ২৩৯ বলের ইনিংসটি সাজানো ২১টি চারে।

সিলেটের এনামুল হক জুনিয়র ৭৪ রানে নেন দুই উইকেট।