পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোখ সাকিবের
বিশ্বকাপের প্রস্তুতিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য সহায়ক হবে বলে মনে করছেন সাকিব আল হাসান।
সোমবার সিডনিতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ।
রোববার সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “বড় দলের সঙ্গে ম্যাচ খেললে একটু সুবিধা তো থাকবেই। কারণ, এই সব ম্যাচে ভালো পারফর্ম করার জন্য আপনি অনেক বেশি সিরিয়াস থাকেন।”
এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে দুটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় সেই দু্ই ম্যাচে হারে তারা।
সাকিব জানান, প্রস্তুতি ম্যাচে যারা রান পাবেন, তাদের আত্মবিশ্বাস ভালো থাকবে। যারা বোলিংয়ে ভালো করবেন, তাদের আত্মবিশ্বাস ভালো থাকবে।
বিগ ব্যাশ লিগে অংশ নেয়া সাকিব আগে থেকেই অস্ট্রেলিয়ায় আছেন। তিনি জানান, অস্ট্রেলিয়ার ঘরোয়া এই টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে।
“পিচ, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে (বিগ ব্যাশ) আমার জন্য অনেক বড় সুবিধা ছিল।”
