ওয়ার্নার-ম্যাক্সওয়েল ঝড়ে উড়ে গেল ভারত
অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আগে আরেকটি ম্যাচে হারলো ভারত। গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নারের আক্রমণাত্মক শতকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের ১০৬ রানে হারিয়েছে ‘ফেভারিট’ অস্ট্রেলিয়া।
রোববার বিশ্বকাপের মাঠ অ্যাডিলেইড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ২ বলে ৩৭১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
শতক করে আকসার প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে শতক তুলে নেন ওয়ার্নার। ৮৩ বলে ১০৪ রান করা এই উদ্বোধনী ব্যাটসম্যানের ইনিংসটি সাজানো ১৪টি চার ও ২টি ছক্কায়।
অ্যারন ফিঞ্চের সঙ্গে ৬২, শেন ওয়াটসনের সঙ্গে ৫৩ ও অধিনায়ক জর্জ বেইলির সঙ্গে ৬৫ রানের তিনটি অর্ধশত রানের জুটি উপহার দেন ওয়ার্নার।
ওয়ার্নারের বিদায়ের পর ক্রিজে আসেন ম্যাক্সওয়েল। এসেই দাপুটে ব্যাটিংয়ে রানের গতি বাড়ান বিস্ফোরক এই ব্যাটসম্যান। মাত্র ৫৭ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলে স্বেচ্ছায় মাঠ ছাড়েন তিনি।
ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংসটি ৮টি ছক্কা ও ১১টি চার সমৃদ্ধ। এই ইনিংস খেলার পথে মিচেল মার্শের সঙ্গে ৯১ রানের জুটি গড়েন তিনি। জুটিতে মার্শের অবদান কেবল ২১ রান।
৪৫ ওভার দলকে ৩৪৫ রানে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল। সেখান থেকে দলকে পৌনে চারশ’ রানের কাছাকাছি নিয়ে যান মিচেল জনসন।
