২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আগে দ্রাবিড়ের চোখে ‘ব্যর্থ’ বাংলাদেশ

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। চলছে দলগুলোর সবশেষ প্রস্তুতি। বিশ্বকাপ শুরুর আগে অতীত বিশ্লেষণ করে রাহুল দ্রাবিড়ের মনে হয়েছে, বিশ্বমঞ্চে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব মেলাতে ‘ব্যর্থ’ হয়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 11:51 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

ইএসপিএন ক্রিকইনফোর ক্রিকেট পণ্ডিত হিসেবে কাজ করছেন ভারতের সাবেক অধিনায়ক দ্রাবিড়।

সাবেক টেস্ট ব্যাটসম্যান দ্রাবিড় মনে করেন, বিশ্বকাপ থেকে বাংলাদেশের সমর্থকরা আরও বেশি কিছু পেতে পারত।

বিশ্বকাপে বাংলাদেশের বলার মতো কিছু সুখস্মৃতি আছে। মনে রাখার মতো কিছু অঘটনও ঘটিয়েছে তারা। ১৯৯৯ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। এরপর ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায়ই করে দেয় তারা।

অতীতের এই দুটি ঘটনার পর বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী এগোতে না পারায় হতাশ দ্রাবিড়।

“অবশ্যই তারা কিছু অঘটন ঘটিয়েছে। …আপনি ভেবেছেন যে, ২০০৭ সাল থেকে তারা উন্নত হতে পারত এবং আরও ধারবাহিক দল হতে পারত। কিন্তু এটা ঘটেনি এবং ২০০৭ সালের পর লম্বা সময় চলে গেছে।”

“আমরা আট বছর পর কথা বলছি এবং এখনো শীর্ষ আট দলের বিপক্ষে তাদের খুব বেশি জয় নেই। বাংলাদেশের জন্য আরও কিছু জয় প্রয়োজন এবং নিজেদের ক্রিকেট ও খেলোয়াড়দের ওপর আরও আত্মবিশ্বাস প্রয়োজন।”

ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বিষয়টি উল্লেখ করে দ্রাবিড়ের সঙ্গে একমত হন ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে কাজ করা দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

স্মিথের মতেও, বাংলাদেশের ক্রিকেটে কোনো ধারাবাহিকতা এবং উন্নতি নেই।