বিশ্বকাপে ব্যাট-বলের লড়াইয়ে সমতা আনার চেষ্টা আইসিসির
ব্যাট-বলের লড়াইয়ে কিছুটা হলেও সমতা আনার উদ্যোগ নেয়ার বিষয়টি এই বিশ্বকাপেই বিবেচনা করছে আইসিসি। প্রথম পদক্ষেপ হিসেবে ২০১৫ বিশ্বকাপে বাউন্ডারি সীমানা বাড়িয়ে ৯০ গজ করার কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আধুনিক ব্যাটের কল্যাণে ক্রিকেটের ব্যাট-বলের লড়াইয়ের ভারসাম্যটা এখন ব্যাটসম্যানদের দিকেই ঝুঁকে গেছে বলে মনে করেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড রিচার্ডসন।
ইএসপিএন ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে রিচার্ডসন জানান, ক্রিকেট কর্তাদের জন্য বিষয়টি একটি দুশ্চিন্তার বিষয়।
"ভারসাম্যটা একটু বেশি ঝুঁকে পড়েছে। কারণ, কখনো কখনো বাজে শট অথবা ব্যাটে বল ঠিকমতো না লাগলেও ছয় হয়ে যাচ্ছে।"
এই সময়ের ক্রিকেটাররা তাদের ব্যাট দিয়েই ছড়ি ঘুরায়। ব্যাটের পেছন দিকটা বেশি স্ফীত, কানাগুলো পুরু (প্রায় দুই ইঞ্চি পুরু)। পুরো ব্যাটটাই যেন 'সুইট স্পট'। এক সময় যা কল্পনা করা যেত না; এই ব্যাট বলকে বেশি উঁচুতে তুলতে পারে এবং বেশি দ্রুত ও দূরে নিতে পারে।
বোলারদের কথা চিন্তা না করে বিনোদনের নামে কর্মকর্তারা বিভিন্ন ভেন্যুতে বাউন্ডারি ছোট করার অনুমতি দিয়েছেন।
রিচার্ডসন মনে করেন, এখন এর রাশ টেনে ধরার সময় চলে এসেছে। ব্যাট-বলের লড়াইটাকে এভাবে আর ভারসাম্যহীন করতে দেয়া যায় না বলেই মানেন তিনি।
"চলুন, আমরা চেষ্টা করি এবং এটা শোধরাই। এখন পর্যন্ত আমরা যেটা করেছি, বাউন্ডারির সীমানা বাড়ানোর চেষ্টা।"
আইসিসির এই চেষ্টার প্রতিফলন অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চের বিশ্বকাপেই দেখা যাবে বলে উল্লেখ করেন রিচার্ডসন।
"আপনারা বিশ্বকাপে দেখবেন, বিশেষ করে অস্ট্রেলিয়ার বেশিরভাগ মাঠই বড়। যেখানে সম্ভব বাউন্ডারি সীমানা কমপক্ষে ৯০ গজ করা হবে।"
ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি গত জুলাই মাসে তাদের সবশেষ সভায় ব্যাটের আকার নিয়ে আইন পরিবর্তন করার বিপক্ষে থাকার সিদ্ধান্ত নেয়।
বর্তমান আইন অনুযায়ী ব্যাট ৩৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারবে এবং চওড়া হতে পারবে সোয়া চার ইঞ্চি পর্যন্ত।
