'ছোটরাও চমক দেখাতে পারে বিশ্বকাপে'
আসন্ন বিশ্বকাপে টেস্ট দলগুলোর বাইরে ছোটো দলগুলো চমক দেখাতে পারে বলে মনে করেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড রিচার্ডসন।
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে ২০১৫ বিশ্বকাপে বড় কোনো দলকে হারিয়ে অঘটন জন্ম দেয়ার জন্য সহযোগী দেশগুলো তৈরি বলে মনে করেন আইসিসির সিইও।
অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে একাদশ বিশ্বকাপ চলবে ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত। ১০টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ৪টি সহযোগী দেশ আফগানিস্তান, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড।
এর আগে বিশ্বকাপে ছোট দলের বড় অঘটন ঘটানোর উদাহরণ আছে। ২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল। এই দলটিই ২০১১ বিশ্বকাপেও হারিয়েছিল টেস্ট খেলুড়ে ইংল্যান্ডকে।
গত বছর এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় আফগানিস্তান।
অস্ট্রেলিয়ার জল-হাওয়ার সঙ্গে সহযোগী দেশগুলোকে পরিচিত করিয়ে দেয়ার উদ্যোগও গত বছর নেয় আইসিসি। গত বছর অস্ট্রেলিয়া সফরে স্থানীয় দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলে তারা।
শ্রীলঙ্কাকে ১৯৯৬ সালের বিশ্বকাপ জেতানো কোচ ডেভ হোয়াটমোরকে বিশ্বকাপে খেলা চারটি সহযোগী দেশের পরিচর্যা করার জন্য নিয়োগ দিয়েছিল আইসিসি।
রয়টার্সকে রিচার্ডসন বলেন, "সহযোগীরা যেভাবে তারা এই টুর্নামেন্টের জন্য প্রস্তুত হয়েছে, তাতে অন্য দেশগুলো তাদের হালকাভাবে নেওয়াটা বোকামি হবে।"
এবারের বিশ্বকাপে ১৪টি দল দুই ভাগে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপ থেকে চারটি করে দল নকআউটে উঠবে।
পুল 'এ'তে থাকা বাংলাদেশের একটা দুশ্চিন্তা থাকা স্বাভাবিক। এই গ্রুপেই আছে এশিয়া
কাপে বাংলাদেশকে লজ্জা দেওয়া আফগানিস্তান। বাংলাদেশের আরেক সহযোগী প্রতিপক্ষ স্কটল্যান্ড।
টেস্ট খেলুড়েদের মধ্যে বাংলাদেশ ছাড়া পুল 'এ'তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড।
পুল 'বি'তে টেস্ট খেলুড়ে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সঙ্গে সহযোগী দুটি দেশ হলো আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
