বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন পাকিস্তানের জুনায়েদ
পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্নে আরেকটি বড় আঘাত লাগল; ফিটনেস টেস্টে পাস না করতে পারায় দল থেকে ছিটকে পড়লেন দেশটির সেরা পেসার জুনায়েদ খান।
রয়টার্স জানায়, সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জুনায়েদের ছিটকে পড়ার খবর নিশ্চিত করে।
হ্যামস্ট্রিংয়ের (পায়ের পেশির) চোটে ভুগছিলেন গত দুই বছরে পাকিস্তানের সফলতম পেসার জুনায়েদ। তবে বিশ্বকাপ শুরুর আগে তার শতভাগ সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী ছিল পিসিবি। তাই বিশ্বকাপের ১৫ সদস্যের দলে তাকে রেখেছিল নির্বাচকেরা।
বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে যাওয়ায় ভীষণ হতাশ ১৮ টেস্টে ৬৫টি ও ৪৮ ওয়ানডেতে ৭৫টি উইকেট পাওয়া জুনায়েদ।
"পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বল করার সময় আমি এখনও স্বচ্ছন্দ বোধ করছি না।"
বর্তমানে নিউ জিল্যান্ড সফরে থাকা পাকিস্তান দলে জুনায়েদের জায়গায় আছেন বিলওয়াল ভাট্টি। ২৩ বছর বয়সী এই পেসার অবশ্য বিশ্বকাপ দলে নেই।
বিশ্বকাপের জন্য জুনায়েদের বদলে এখন পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি পিসিবি।
অবৈধ বোলিংযের জন্য নিষিদ্ধ হওয়ায় পাকিস্তানের বিশ্বকাপ দল থেকে আগেই নিজেকে সরিয়ে নেন তাদের সেরা স্পিনার সাইদ আজমল।
একই কারণে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের হতে যাওয়া এই টুর্নামেন্টে মোহাম্মদ হাফিজও বল করতে পারবেন কি না, এখন পর্যন্ত সেটাও নিশ্চিত নয়।
