২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদমানের অর্ধশতকে বাংলাদেশের তরুণদের লড়াই

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় ইয়ুথ টেস্টের প্রথম দিন অর্ধশতক পেয়েছেন সাদমান ইসলাম। উদ্বোধনী এই ব্যাটসম্যানের দৃঢ়তায় প্রথম ইনিংসে লড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 07:55 PM

Updated : 12 Oct 2022, 03:14 PM

সোমবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে তিন দিনের এই ম্যাচে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৬৮ রান। এ দিন খেলা হয় ৭৩ ওভার।

সাইফ হাসানের সঙ্গে সাদমানের ৯০ রানের উদ্বোধনী জুটি ভালো সূচনা এনে দেয় বাংলাদেশকে। রান আউট হয়ে সাদমানের (৬৬) বিদায়ে ভাঙে ৩৪.২ ওভার স্থায়ী এই জুটি।

সাদমানের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি সাইফ (২৩), মুনিম শাহরিয়ার (১৪), জয়রাজ শেখ (৩১) ও অধিনায়ক মেহেদি হাসান (১৭)। মোহাম্মদ সাইফুদ্দিন ৬ ও শাহানুর রহমান ২ রানে ব্যাট করছেন।

দুই দলের প্রথম ম্যাচটি ড্র হয়।