২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুনায়েদের শতকে চালকের আসনে রাজশাহী

জুনায়েদ সিদ্দিকের শতকে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে বড় সংগ্রহ গড়ছে রাজশাহী বিভাগ। দলকে চালকের আসনে নিয়ে আসায় দারুণ অবদান অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে প্রায় দেড়শ’ রানের জুটি গড়া মুক্তার আলী ও সানজামুল ইসলামেরও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 06:52 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

সোমবার জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শেষে রাজশাহীর সংগ্রহ ৭ উইকেটে ৩৭৯ রান।

প্রথম দিনের শেষ বলে অলআউট হওয়ার আগে ২০৯ রান করে চট্টগ্রাম। তিন উইকেট হাতে নিয়ে ১৭০ রানে এগিয়ে রয়েছে রাজশাহী।

মুক্তার ৮৮ ও সানজামুল ৬৭ রানে অপরাজিত রয়েছেন। মুক্তারের ১০৬ বলের ইনিংসটি ১১টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ। সানজামুলের ৮৫ বলের ইনিংসটি ১০টি চারে গড়া।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুতেই মাইশুকুর রহমানকে হারায় রাজশাহী। তবে হাবিবুর রহমান (৩৮), ফরহাদ হোসেন (৩৭) ও জহুরুল ইসলামকে (১৬) সঙ্গে নিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান জুনায়েদ।

এক সময়ে রাজশাহীর সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৩ রান। ইফতেখার সাজ্জাদের মারাত্মক বোলিংয়ে সেখান থেকে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৩১/৭।

সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১১৩ রান করেন জুনায়েদ। এই বাঁহাতি ব্যাটসম্যানের ১৬২ বলের চমৎকার ইনিংসটি ১৮টি চারে গড়া।

জুনায়েদের বিদায়ের পর জুটি গড়েন মুক্তার ও সানজামুল। ২৭.৪ ওভার স্থায়ী অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ১৪৮ রানের জুটি গড়ে দলকে চারশ’ রানের কাছাকাছি নিয়ে গেছেন এই দুই জনে।

১০৯ রানে ৬ উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলার ইফতেখার। এর আগে একটিই প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন এই ডান হাতি পেসার। সেই ম্যাচে কোনো উইকেট পাননি তিনি।