২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথের নেতৃত্বে খেলতে প্রস্তুত ক্লার্ক

মাইকেল ক্লার্ক জানিয়েছেন, নির্বাচকেরা চাইলে স্টিভেন স্মিথের হাতে স্থায়ীভাবে নেতৃত্বভার ছেড়ে দিতে প্রস্তুত আছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 06:36 PM

Updated : 12 Oct 2022, 03:14 PM

সোমবার অস্ট্রেলিয়ার একটি রেডিওকে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার বিষয়ে নিজের এই অনুভূতির কথা জানান ক্লার্ক।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডের অধিনায়কের দায়িত্ব ক্লার্কের কাঁধেই আছে। তবে ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচে ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান চোটে পড়ায় বাকি তিন টেস্টে দলকে নেতৃত্ব দেন স্মিথ।

আর ওই ম্যাচগুলোর প্রতিটিতে শতক হাঁকিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ২৫ বছর বয়সী স্মিথ।

সম্প্রতি শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজেও এক ম্যাচে নেতৃত্ব দেন স্মিথ। ক্লার্কের অনুপস্থিতে তার সহকারী জর্জ বেইলির ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ছিলেন না তিনি। ওই ম্যাচেও শতক করে দলকে দারুণ এক জয় এনে দারুণ ফর্মে থাকা স্মিথ।

আর পরে নেতৃত্বে ফিরে দলকে ত্রিদেশীয় সিরিজ জেতান বেইলি। তাই গত কয়েক মাসে ক্লার্ক না থাকলেও তার শূন্যতা বুঝতে দেননি স্মিথ ও বেইলি।

আগের সিদ্ধান্ত অনুযায়ী চোট কাটিয়ে ক্লার্ক ফিরলে দুই ঘরানার ক্রিকেটেই অধিনায়কের দায়িত্বে ফেরার কথা তার। কিন্তু প্রয়োজনে স্মিথের হাতে নেতৃত্বভার ছেড়ে দিতে প্রস্তুত আছেন তিনি।

এ বিষয়ে কথা বলতে গিয়ে কয়েক বছর পেছনে ফিরে তাকান ক্লার্ক। ২০১১ বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডের অধিনায়কের পদ থেকে তখনকার অধিনায়ক রিকি পন্টি সরে দাঁড়ালে দায়িত্ব পান ক্লার্ক। তার আগে থেকেই দেশটির গণমাধ্যমে পন্টিংকে সরিয়ে ক্লার্ককে অধিনায়ক করার দাবি উঠেছিল।

"স্মিটির (স্মিথ) অবস্থা আমি বুঝতে পারছি, কারণ আমিও তার অবস্থায় ছিলাম যখন গণমাধ্যমে রিকি পন্টিংকে অবসর নিতে বলা হচ্ছিল। এটা স্মিথ ও আমার ব্যক্তিগত কোনো বিষয় নয়। আমরা অনেক দিনের বন্ধু এবং এভাবেই থাকবো।"

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া এবারের বিশ্বকাপের দলে আছেন ক্লার্ক। চোট কাটিয়ে এখন পর্যন্ত জাতীয় দলে না ফিরলেও খুব শিগগিরই তার ফেরার সম্ভাবনা আছে।