মজিদের আড়াইশ' রানে জয়ের পথে ঢাকা বিভাগ
জাতীয় ক্রিকেট লিগে আব্দুল মজিদের ২৫৩ রান আর শুভাগত হোমের দারুণ বোলিংয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে দুই দিনেই জয়ের কাছাকাছি পৌঁছে গেছে ঢাকা বিভাগ।
ঢাকা বিভাগের ৯ উইকেটে করা ৫২৫ রানের জবাবে খেলতে নেমে ঢাকা মেট্রোর প্রথম ইনিংস ৯০ রানে গুটিয়ে যাওয়ায় ইনিংস হারের মুখে পড়ে গেছে দলটি।
২ উইকেটে ৩৬০ রান নিয়ে সোমবার ব্যাট করতে নেমে দলীয় স্কোরে আরও ১৬৫ রান যোগ করে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মজিদ ব্যক্তিগত স্কোরে আরও ৮০ রান যোগ করে গড়েন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক, ২৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
তার ৩৮৩ বলের ইনিংসটি ২৬টি চার ও ২টি ছক্কায় সাজানো।
ঢাকা মেট্রোর শহীদ ও ইলিয়াস সানি ৪টি করে উইকেট নেন।
বিশাল স্কোরের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই পথ হারানো মেট্রো শুভাগত ও জুবায়ের হোসেনের ঘূর্নিতে ৩৪.২ ওভারে অলআউট হয়ে যায়।
বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া এই দুই স্পিনার মিলে ৯ উইকেট নেন। শুভাগত ৫ উইকেট নিতে খরচ করেন ১৭ রান। আর ২৩ রান খরচায় ৪ উইকেট নেন জুবায়ের।
