২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে বিসিসিআইয়ের চরমপত্র

ক্ষতিপূরণ চেয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে (ডব্লিউআইসিবি) চরমপত্র দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 09:41 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

ইএসপিএন ক্রিকইনফো জানায়, ৪ কোটি ১৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে ডব্লিউসিআইবির প্রধান ডেভ ক্যামেরন আর ক্যারিবীয় দশ অঞ্চলের সরকারগুলোর সংস্থা ক্যারিকমের সেক্রেটারি জেনারেল আরউইন লারকের বরাবর চিঠি দেয় বিসিসিআই।

বিসিসিআই সেক্রেটারি সঞ্জয় প্যাটেল জানান, এক সপ্তাহের মধ্যে চিঠির সাড়া না পেলে আইনি ব্যবস্থা নেবে তারা।

গত বছরের অক্টোবর মাসে বোর্ডের সঙ্গে বিরোধের জের ধরে সিরিজের মাঝপথে ভারত সফর বাতিল করে দেশে ফিরে যায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

তখন ক্ষতিপূরণ চেয়ে চিঠি লেখার পর ১৫ দিনের মধ্যে সাড়া চেয়েছিল ভারত।

সেবার ক্যারিকম বিষয়টিতে হস্তক্ষেপ করেছিল বলে বিসিসিআই কিছুদিন অপেক্ষা করে বলে জানান প্যাটেল। তবে এবার সাত দিনের মধ্যে জবাব না পেলে আর কোনো যোগাযোগ না করেই বিসিসিআই আইনি পথে হাঁটা শুরু করবে বলে জানান তিনি।