এক ম্যাচ নিষিদ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
ধীর ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন জর্জ বেইলি। তাই ত্রিদেশীয় সিরিজের পরের ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক।
গত রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে ৪ উইকেটে জেতা ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ৫০ ওভার শেষ করতে পারেনি অস্ট্রেলিয়া। একটি ওভার নির্ধারিত সময়ের বাইরে চলে গিয়েছিল।
এ কারণে অধিনায়ক বেইলিকে তার ম্যাচ ফির ২০ শতাংশ এবং বাকি সদস্যদের ১০ শতাংশ করে জরিমানা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
আর এক বছরের মধ্যে বেইলির নেতৃত্বে অস্ট্রেলিয়া দল দ্বিতীয়বার ধীর বোলিংয়ের জন্য অভিযুক্ত হওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া এই ব্যাটসম্যান।
আগামী শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তৃতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে বোনাস পয়েন্ট পেয়েছিল তারা।
