পারলেন না সাকিব
আগের ম্যাচেই অসাধারণ বোলিংয়ে দলকে দারুণ এক জয় পাইয়ে দেয়া সাকিব আল হাসান এবার আর পারলেন না। তার দল মেলবোর্ন রেনেগেইডসও ছিটকে পড়েছে বিগ ব্যাশ লিগ থেকে।
সোমবার মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে শীর্ষে থাকা অ্যাডিলেইড স্টাইকার্সের কাছে ২২ রানে হারা ম্যাচে বল হাতে উইকেটশূন্য ছিলেন সাকিব। ব্যাট হাতেও বড় কোনো অবদান রাখতে পারেননি বিশ্বের সেরা অলরাউন্ডার, ১৬ বলে ১টি করে চার ও ছক্কায় ২২ রান করেন তিনি।
এই জয়ে প্রতিযোগিতায় শীর্ষে থাকা স্টাইকার্সের ৮ ম্যাচে পয়েন্ট হলো ১৩। আর ছিটকে পড়ে রেনেগেইডসের পয়েন্ট সমান ম্যাচে ৬।
টস জিতে ব্যাট করতে নেমে ট্র্যাভিস হেডের ৭১ রানের সাহায্যে ৫ উইকেটে ১৬৬ রান করে স্ট্রাইকার্স। ৩৪ বলের এই ইনিংসে ৭টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত থাকেন কেলভিন স্মিথ।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭ উইকেটে ১৪৪ রান করে সাকিবের দল।
ত্রয়োদশ ওভারের দ্বিতীয় বলে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ম্যাথিউ ওয়েড আউট হলে ক্রিজে আসেন সাকিব। তবে দ্রুত রান করার চাপে ইয়োহান বোথার বলে লং অফে ক্যাচ দিয়ে আউট হন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার।
মেলবোর্নে পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন বেন স্টোকস।
স্ট্রাইকার্সের বেন লাফলিন ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।
