২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের বিশ্বকাপ চ্যালেঞ্জ

ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে শেষ আটে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেটের তিন ফরম্যাটেই অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই ক্রিকেটার জানিয়েছেন, বিশ্বকাপের পর দেশের মাটিতে সিরিজগুলোতেও ভালো খেলতে মুখিয়ে আছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 11:24 AM

Updated : 12 Oct 2022, 03:11 PM

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেইডসের হয়ে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন সাকিব। শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করে হয়েছেন ম্যাচসেরা। বিগ ব্যাশের ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাতকারে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপেও বাংলাদেশকে নিয়ে চমক দেখাতে চান সাকিব।

“বড় মঞ্চে পারফর্ম করার একটা দারুণ সুযোগ বিশ্বকাপ; শুধু আমার জন্য নয়, দলের জন্যও। আমরা ক্রমেই উন্নতি করছি। বিশ্বকে আমাদের দেখাতে হবে যে, আমরা এখন উন্নতি করা একটা দল এবং আমরা বড় দলগুলোকে হারাতে পারি।”

স্বাগতিক দুই দেশ ছাড়াও বাংলাদেশের গ্রুপে পড়েছে বড় দল শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। কোয়ার্টার-ফাইনালে যেতে হলে এদের কয়েকটিকে হারাতে হবে বাংলাদেশকে। সাকিবও এই চ্যালেঞ্জ নিচ্ছেন।

২০০৭ বিশ্বকাপে আমরা ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি। ২০১১ সালের বিশ্বকাপে আমরা হারিয়েছি ইংল্যান্ডকে। আশা করি, এবারও আমরা কয়েকটি বড় দলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে (কোয়ার্টার-ফাইনাল) উঠব। আমাদের জন্য এটা হবে দারুণ একটি অর্জন।”

বিশ্বকাপের পর দেশের মাটিতে চারটি সিরিজ নিয়ে রোমাঞ্চিত সাকিব।

‘এ বছর আমরা কমপক্ষে চারটি বড় দলের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ খেলব—পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এটা দারুণ হবে। আমরা বছরে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাই না। আমরা বড়জোর তিন-চারটি টেস্ট খেলি, যা টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য যা আদর্শ নয়। তবে এ বছরে আমরা ভালো সুযোগ পাচ্ছি।

বিশ্বকাপের মতো দেশের মাটিতে এই সিরিজগুলোতেও ভালো খেলার চ্যালেঞ্জ নিচ্ছেন সাকিব।

“আমি মনে করি, এ মুহূর্তে আমরা খুব ভালো দল। তবে এই দলগুলোর বিপক্ষে খেলাটা সহজ হবে না। আশা করছি, আমরা চ্যালেঞ্জের জবাব দিতে পারব এবং ভালো করব। দেশের মাটিতে আমরা এখন এক আত্মবিশ্বাসী দল; যে কোনো বড় দলের বিপক্ষে আমরা ভালো করতে পারি।”