স্টেইন, ইমরানের দাপটে দক্ষিণ আফ্রিকার সহজ জয়
ডেল স্টেইন, ইমরান তাহির ও ভারনন ফিল্যান্ডারের দাপটে প্রথম ওয়ানডেতে সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে হারিয়েছে তারা।
শুক্রবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
কিংসমিডে টস জিতে ব্যাট করতে নেমে এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার ও হাশিম আমলার তিন অর্ধশতকের সৌজন্যে ৪৮ ওভার ২ বলে ২৭৯ রান করে দক্ষিণ আফ্রিকা। এরপর বৃষ্টি নামলে স্বাগতিকদের আর ব্যাটিং করা হয়নি।
জেরোম টেইলরের তোপে মাত্র ১৬ রানে দুই উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। কিন্তু আমলার সঙ্গে ৯৯ ও মিলারের সঙ্গে ১২৩ রানের দুটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেন ম্যাচ সেরা ডি ভিলিয়ার্স।
৬৬ বলে ১০টি চারের সাহায্যে ৬৬ রান করেন আমলা। এই ইনিংস খেলার পথে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে পাঁচ হাজার রান পূর্ণ করেন তিনি। এটি দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়কের ১০১তম ইনিংস।
আগের রেকর্ডটি ছিল ভিভ রিচার্ডস ও বিরাট কোহলির অধিকারে। পাঁচ হাজার রান পেতে রিচার্ডস ও কোহলি খেলেছিলেন ১১৪টি করে ইনিংস।
৬৮ বলে মিলারের ৭০ রানের আক্রমণাত্মক ইনিংসটি গড়া ৭টি চার ও ২টি ছক্কায়। ডি ভিলিয়ার্সের ৯৪ বলে খেলা ৮১ রানের অধিনায়কোচিত ইনিংসটি ৬টি চার সমৃদ্ধ।
৩৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৩৮ রান। কিন্তু এরপর নিয়মিত উইকেট হারানোয় ভালো অবস্থানে থাকার সুবিধা কাজে লাগাতে পারেনি তারা।
ওয়েস্ট ইন্ডিজের টেইলর ও আন্দ্রে রাসেল দুটি করে উইকেট নেন।
