পিটারসেনের শরীরে বিশ্ব মানচিত্র!
কেভিন পিটারসেন তার উল্কির জন্যে খুব একটা বিখ্যাত না হলেও আরেকবার নিজের শরীরে নকশা আঁকালেন। এবার ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের চামড়ায় ফুটে উঠেছে বিশ্বের মানচিত্র।
২০০৪ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা পিটারসেন সম্প্রতি ইনস্টাগ্রামে উল্কি আঁকানোর ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, তার বুক থেকে পিঠ পর্যন্ত মানচিত্র আঁকা।
এই বিশ্ব মানচিত্রের অনেক জায়গায় লাল রঙের তারকা আঁকা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে পিটারসেনের শতকের স্থানগুলো এই তারকা দিয়ে বোঝানো হয়েছে।
টেস্ট ও ওয়ানডে মিলে ক্যারিয়ারে মোট ৩২টি শতক করেন পিটারসেন। ২০০৫ সালে অ্যাশেজে অভিষেক টেস্ট খেলেন আর ওই সিরিজের শেষ টেস্টে ওভালে প্রথম টেস্ট শতক করেন তিনি।
