‘এ’ দল নিয়ে দুর্জয়ের পরিকল্পনা
জাতীয় দল থেকে বাদ পড়া এবং প্রতিশ্রুতিশীল নবীন ক্রিকেটারদের জন্য ‘এ’ দলের ধারাবাহিক কাঠামো চান নাঈমুর রহমান দুর্জয়। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির এই নতুন প্রধান জানান, ‘এ’ দলের নিয়মিত খেলার জন্য প্রতিবেশী দেশগুলোর সহায়তা নেবেন তিনি।
বৃহস্পতিবার হোটেল র্যাডিসনে বিসিবির সভা শেষে সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের জানান, ক্রিকেট পরিচালনা কমিটির নতুন সভাপতি হয়েছেন দুর্জয়। এই কমিটির সাবেক সভাপতি আকরাম পেয়েছেন টুর্নামেন্ট কমিটির দায়িত্ব।
সভা শেষে নিজের প্রতিক্রিয়ায় প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয় জানান, ‘এ’ দলের ধারাবাহিক কোনো কাঠামো নেই। দ্বিতীয় সেরা এই দলটিকে গুরুত্ব দেবেন বলে জানান তিনি।
“জাতীয় দল থেকে বাদ পড়া খেলোয়াদের জন্য একটা জায়গা দরকার। অনূর্ধ্ব-১৯ দলের পর একজন তরুণের জন্য জাতীয় দলের আগে আর কোনো জায়গা নেই।”
বিসিবি পরিচালক দুর্জয় জানান, ‘এ’ দল পরিচালনা ব্যয়বহুল। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্কের ভিত্তিতে ‘এ’ দলকে নিয়মিত খেলাতে চান তিনি।
দুর্জয় জানান, কমিটিতে পরিবর্তন আনার পেছনে ব্যক্তিগত কোনো ইস্যু নেই। বোর্ড সভাপতি আগেই জানিয়েছিলেন, ছয় মাস পর কমিটিগুলোতে পরিবর্তন আসবে, তাই হয়েছে।
“জাতীয় দলের জন্য যা করলে সবচেয়ে ভালো তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। দলের পারফরম্যান্সে যেন উন্নতির ধারাবাহিকতা থাকে তা নিশ্চিত করা।”
