২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে বিপিএলের তৃতীয় আসরের পরিকল্পনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর হতে পারে এই বছরই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 10:08 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বৃহস্পতিবার হোটেল র‌্যাডিসনে বিসিবির সভা শেষে নাজমুল হাসান সাংবাদিকদের জানান, এই বছর বিপিএল করবে বিসিবি। বোর্ড প্রধান জানান, নভেম্বরে হতে পারে টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট।

গত বছরের ২৬ অগাস্ট বিসিবি সভাপতি জানিয়েছিলেন, ২০১৫ সালের এপ্রিলে হতে পারে বিপিএলের তৃতীয় আসর।

২০১৩ সালে হয়েছিল বিপিএলের সর্বশেষ আসর। এর পরপরই ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে আপাতত বন্ধ রয়েছে টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।

বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় দল ব্যস্ত থাকায় আগামী নভেম্বরের আগে বিপিএল আয়োজন করা যাবে না।

ফেব্রুয়ারি-মার্চের বিশ্বকাপ শেষে দেশের মাটিতে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি সিরিজ খেলবে মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিমরা।

বিশ্বকাপের পর প্রথম দল হিসেবে এপ্রিলে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। জুনের প্রথম সপ্তাহে আসবে ভারত। ৩০ জুন থেকে অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ সফর করবে দক্ষিণ আফ্রিকা। আর সেপ্টেম্বর-অক্টোবরে শেষ দল হিসেবে সফরে আসবে অস্ট্রেলিয়া। এই সিরিজ শেষে হতে পারে বিপিএলের তৃতীয় আসর।