২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকরামের জায়গায় দুর্জয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়টি কমিটিতে পরিবর্তন এসেছে। এর মধ্যে বিসিবির অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের সভাপতি হিসেবে সাবেক অধিনায়ক আকরাম খানের জায়গায় এসেছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 10:06 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বৃহস্পতিবার হোটেল র‌্যাডিসনে বিসিবির সভা শেষে সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের জানান, ক্রিকেট পরিচালনা কমিটির নতুন সভাপতি হয়েছেন দুর্জয়। এই কমিটির সাবেক সভাপতি আকরাম পেয়েছেন টুর্নামেন্ট কমিটির দায়িত্ব।

বিসিবি প্রধান জানান, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভাপতি হয়েছেন গাজী গোলাম মুর্তজা।

বিসিবির বিভিন্ন কমিটিতে পরিবর্তন আনার কথা আগেই জানিয়েছিলেন নাজমুল হাসান। পারফরম্যান্স নয়, সবাইকেই দায়িত্ব দিয়ে দেখার পরিকল্পনা থেকে এই পরিবর্তন হবে বলে জানিয়েছিলেন তিনি।

ওয়ার্কিং কমিটির সভাপতি হয়েছেন এনায়েত হোসেন সিরাজ। বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির নতুন প্রধান হয়েছেন তানজিল চৌধুরী।

লোকমান হোসেন ভূঁইয়া হয়েছেন ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি। গ্রাউন্ডস কমিটিতে তার জায়গায় এসেছেন হানিফ ভূঁইয়া।

মেডিকেল কমিটির সভাপতি হয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল আর অডিট কমিটির প্রধান হয়েছেন শওকত আজিজ রাসেল।