শর্ট বল সামলানোর প্রস্তুতি শুরু
অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে শর্ট বল হতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য মূল চ্যালেঞ্জ। তাই ‘স্কিল’ অনুশীলনের প্রথম দিন শর্ট বল সামলানোর দিকেই ছিল মুশফিকুর রহিম, মুমিনুল হকদের মূল মনোযোগ।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই সেশনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেন বাংলাদেশের ক্রিকেটাররা।
মিরপুরের সেন্টার উইকেটে বোলিং মেশিনের সাহায্যে ব্যাটিং অনুশীলন করান প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে। প্রথম সেশনের পুরোটা সময় শর্ট বল সামলাতে হয় ব্যাটসম্যানদের।
মুশফিক-সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ-এনামুল হক, মুমিনুল-সৌম্য সরকার, নাসির হোসেন-মাশরাফি বিন মুর্তজা জুটি হয়ে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেন।
অনুশীলনের বিরতিতে এনামুল জানান, শুরুতে হাথুরুসিংহে তাদের নতুন বলে ব্যাটিং অনুশীলন করান। বলের গতি বাড়াতে পিচের ওপর পাথরের স্ল্যাব ব্যবহার করা হয়। উদ্বোধনী ব্যাটসম্যান এনামুলের বিশ্বাস, এতে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে তাদের।
“শুরুতে কিভাবে খেলতে হবে, মাঝের ওভারগুলোতে কিভাবে প্রান্ত বদল করে খেলতে হবে, এই সব নিয়ে বলছিলেন কোচ।”
শর্ট বল সামলানোর কৌশল নিয়ে প্রত্যেক ব্যাটসম্যানের সঙ্গে আলাদাভাবে কথা বলেন হাথুরুসিংহে।
