২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাভো, পোলার্ডকে না পেয়ে চটেছেন গেইল

বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কর্তাদের ওপর চটেছেন ক্রিস গেইল। ডোয়াইন ব্রাভো আর কাইরন পোলার্ডকে দলে না রাখাটাকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 07:17 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে জেতা দ্বিতীয় টি-টোয়েন্টির সেরা এই খেলোয়াড় ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ব্রাভো-পোলার্ডকে 'বলি হিসেবে বেছে নিয়েছে' বলে উল্লেখ করেন।

"এই দুজন কিভাবে দলে না থাকতে পারে? ওদের দুজনের দিকে তাকালে আমার কাছে মনে হয়, ওরা বলির শিকার হয়েছে...এটা একদম হাস্যকর...হাস্যকর। সত্যি কষ্ট দেয়। হাস্যকর।”

কথাগুলো বলেই গেইল হয়ত বুঝতে পেরেছেন, এখন আর কিছু করার নেই। এই কারণেই খুব হতাশা নিয়ে এরপর বলেন, “আমরা শুধু কথা বলতে পারি। আমরা আমাদের অনুভূতি প্রকাশ করতে পারি, যেটা আমি এখন করছি। দল তো এরই মধ্যে ঘোষণা করা হয়ে গেছে। এটা একদম হতাশার।”

ব্রাভো-পোলার্ডকে ছাড়া দলের ব্যাটিং লাইনআপ অনেকটাই দুর্বল হয়ে যাবে বলে মনে করেন গেইল।

“দলের দিকে তাকালে মনে হবে আমাদের ব্যাটিং লাইনআপ অনেক বড়। কিন্তু ৫০ ওভারের ম্যাচের দিকে তাকালে এটা শুধুই হতাশার। আমরা আমাদের পুরো শক্তির হবো না।”

গেইল এরপর বলেন, “পোলার্ড অথবা ব্রাভোকে ছাড়া আমরা শক্তিশালী দল পাচ্ছি না। তাই এটা আসলে আমাদের জন্য দু:খজনক।”

জ্যাসন হোল্ডারকে অধিনায়ক করে শনিবার ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এই দলের কথা বলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পথচলা নিয়েই সন্দেহ প্রকাশ করেন গেইল।

“আমি জানি না, আসলে আমাদের ক্রিকেট কোথায় যাচ্ছে...এই পরিস্থিতি নিয়ে আমরা কোন দিকে যাচ্ছি। এটা সত্যিই দু:খজনক।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ৩ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। এই সিরিজ জয়কে ব্রাভো আর পোলার্ডকে উৎসর্গ করার কথা জানান গেইল।