অনুশীলনে নামছেন কারামুক্ত রুবেল
জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ায় বিশ্বকাপ প্রস্তুতির শুরুর দিন থেকেই সতীর্থদের সঙ্গে অনুশীলনে করতে পারবেন পেসার রুবেল হোসেন।
নারী নির্যাতন আইনে চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপীর মামলায় কারাগারে গিয়ে রুবেলের বিশ্বকাপ যাত্রা শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল। তবে রোববার জজ আদালতে গিয়ে জামিন পান তিনি।
বিকাল পৌনে চারটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান রুবেল।
এর আগে দুপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি আকরাম খান জানান, রুবেলের জামিন হয়ে গেছে। বিকালেই হয়তো সে কারাগার থেকে ছাড়া পাবে। সেক্ষেত্রে সোমবার থেকে সে অনুশীলন শুরু করবে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবারই বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে বাংলাদেশের।
গত ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন হ্যাপী, যাতে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগ আনা হয়।
তবে হ্যাপীর অভিযোগ নাকচ করে এই ক্রিকেটার বলে আসছেন, এই তরুণী তাকে ‘ব্ল্যাকমেইল’ করছেন।
রুবেল ১৫ ডিসেম্বর হাই কোর্টে হাজির হয়ে আগাম জামিন চাইলে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ চার সপ্তাহের জামিন মঞ্জুর করে।
ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগে গত ৮ জানুয়ারি রুবেল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
কিন্তু শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার ছাদাত জামিন নাকচ করে রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার কারাগারে গিয়ে রুবেলকে দেখে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি আকরাম খান জানান, এই পেসার মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন।
এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান জানান, রুবেল হোসেনকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন তারা।
আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট খেলতে ২৪ জানুয়ারি রওনা হতে পারে বাংলাদেশ ক্রিকেট দল।
রুবেলকে জাতীয় দল ও বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার জন্য হ্যাপী হাই কোর্টে একটি রিট আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়। এর বিরুদ্ধে আপিল করবেন বলেও ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।
