২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুবেলকে নিয়ে দ্রুতই সিদ্ধান্ত বিসিবির

নারী নির্যাতনের মামলায় কারাগারে থাকা পেসার রুবেল হোসেনকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 10:01 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিসিবি প্রধান নাজমুল হাসান জানান, রুবেলকে বিশ্বকাপ দলে রাখায় এবং সোমবার থেকে ক্যাম্প শুরু হতে যাওয়ায় এখন তাদের দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

বোর্ড সভাপতি জানান, সরাসরিই পেসার রুবেল হোসেনের পাশে দাঁড়াতে পারে বিসিবি। তবে এটি নির্ভর করবে তার বিরুদ্ধে দায়ের করা মামলার ওপর।

“আগে যেমন দূরে দূরে ছিলাম, গা ছাড়া ভাব ছিল; ওর যা হয় হোক, তারপর আমরা চিন্তা করবো। এখন বোধহয় সেই সুযোগটা নেই। যদি মামলার মেরিট থাকে তাহলে আমরা বাধ্য হব তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে, আমাদের উপায় নেই। যদি দেখি সন্দেহ আছে, মেরিট তেমন নয়, তাহলে বোর্ড সরাসরি ওর পাশে দাঁড়াবে।”

গত বৃহস্পতিবার চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপীর করা মামলায় রুবেলের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত। বিসিবি সভাপতি জানান, এই ব্যাপারটি তাদের জন্য ভীষণ বিব্রতকর।

“সে জেলে যাওয়ার পর দুনিয়া জুড়ে হুলস্তুল পড়ে গেল, সব মিডিয়ায় চলে এসেছে। দোষী হলে ওর শাস্তি হবে, ওর পাশে দাঁড়ানোর প্রশ্নই উঠে না, আমাদের এই অবস্থান এখনো আছে। কিন্তু ফরেনসিক রিপোর্টের পর আমরা সাহস পেয়েছিলাম ওকে দলে নেয়ার।”

“আমাদের পেসার কম, সে আমাদের ভালো একজন পেসার, সে কারণেই ওকে আমরা দলে অন্তর্ভূক্ত করেছিলাম। করার পরপরই এই ঘটনা। সেদিক থেকে এটা খুব ব্রিবতকর। প্রচুর প্রশ্ন আসছে এটা নিয়ে, স্বাভাবিকভাবেই সবাই জানতে চায়। মেরিট নেই দেখলে দাঁড়াবো, নইলে না। আইনি পরামর্শ ছাড়া এগুনো কঠিন হবে,” যোগ করেন বিসিবি সভাপতি।

শনিবার কারাগারে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি আকরাম খান। তিনি জানান, মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন রুবেল। জামিন পেলে এই পেসার বিসিবির সমর্থন পাবেন বলে জানান নাজমুল হাসান।

“এখন তো সে বিশ্বকাপ দলের সদস্য, বাংলাদেশ দলকে সে প্রতিনিধিত্ব করছে। প্রত্যেকটা খেলোয়াড়কে রক্ষা করা আমাদের দায়িত্ব হয়ে যাবে।”

বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দলে রয়েছেন রুবেল। কারাগারে যাওয়ায় তার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা জেগেছে। বিসিবি জানায়, দলের সঙ্গে সময়মতো অস্ট্রেলিয়ায় যেতে না পারলে এই পেসাররের বিকল্প নেয়া হবে।

গত ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন হ্যাপী, যাতে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগ আনা হয় এই ক্রিকেটারের বিরুদ্ধে।

এরপর ১৫ ডিসেম্বর রুবেল হাই কোর্টে হাজির হয়ে আগাম জামিন চাইলে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ চার সপ্তাহের জামিন মঞ্জুর করে। আগামী রোববার পর্যন্ত ওই জামিনের মেয়াদ ছিল।

হ্যাপীর অভিযোগ নাকচ করে রুবেল বলে আসছেন, এই তরুণী তাকে ‘ব্ল্যাকমেইল’ করছে।

হ্যাপী নারী নির্যাতন আইনে মামলা করায় পুলিশের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষাও হয়েছে।

ওই পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হ্যাপীকে জোর করে যৌন সম্পর্কে বাধ্য করা হয়েছে, এমন কোনো আলামত চিকিৎসকরা পাননি। হ্যাপীর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. মাসুদ পারভেজের আবেদনে গত ৩১ ডিসেম্বর ঢাকার একটি আদালত রুবেলের ডিএনএ পরীক্ষারও অনুমতি দিয়েছে। ২১ বছর বয়সী হ্যাপীর দাবি, ফেইসবুকের মাধ্যমে প্রায় এক বছর আগে তার সঙ্গে পরিচয় হয় রুবেলের। বিয়ের কথা বলে নয় মাস ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছিলেন রুবেল। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী হ্যাপী ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে প্রধান অভিনেত্রীর ভূমিকায় ছিলেন। তার অভিনীত আরও কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়। তার অভিযোগ, রুবেল অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পর তাকে এড়িয়ে চলায় তিনি আইনের আশ্রয় নেন। রুবেলকে জাতীয় দল ও বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার জন্য হ্যাপী হাই কোর্টে একটি রিট আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়। এর বিরুদ্ধে আপিল করবেন বলেও ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।