২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির, নাসিরের ফিল্ডিংয়ে মুগ্ধ হ্যালসল

বৃত্তের ভেতর দুর্দান্ত সাব্বির রহমান, কম যান না নাসির হোসেনও। এই দুই তরুণের ফিল্ডিংয়ে রীতিমত মুগ্ধ বাংলাদেশের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 06:58 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের হ্যালসল বলেন, “সাব্বির বৃত্তের ভেতর দুর্দান্ত। সে বিশেষ কিছু করতে পারে। ওয়েস্ট ইন্ডিজে সফরে অসাধারণ কিছু করেছিল নাসিরও।”

বিশ্বকাপে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ফিল্ডিং। বাংলাদেশ দল বেছে নেয়ার সময় এই ব্যাপারটা তাদের মাথায় ছিল বলে জানান প্রধান নির্বাচক। ১৫ জনের চূড়ান্ত দলে চমৎকার সব ফিল্ডার পাওয়ায় হ্যালসল আশাবাদী, বিশ্বকাপে ফিল্ডিংয়ে ভালো করবে বাংলাদেশ।

সাব্বিরের মতো তরুণদের উপস্থিতিতে বদলে গেছে বাংলাদেশের ফিল্ডিং। তরুণদের সঙ্গে অভিজ্ঞদের যৌথ প্রচেষ্টাতেও মুগ্ধ হ্যালসল।

“আমি মনে করি, বিশ্বকাপে ফিল্ডিংয়ে আমরা ভালো করবো। আমরা কাউকে কাউকে হয়তো বিস্মিতও করতে পারি।”

হ্যালসল মনে করেন, বিশ্বকাপে একটু বড় মাঠেই খেলা হবে। বছরের এই সময়ে আউটফিল্ডে বল খুব দ্রুত যাবে।
“বরাবরে মতো কঠোর পরিশ্রম করে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমার জন্য সবচেয়ে বড় সন্তুষ্টি হল, যৌথ প্রচেষ্টা। তামিমের মতো সিনিয়র খেলোয়াড়রা এখন মাঠে ডাইভ দিচ্ছে। সবাই ডাইভের জন্য প্রস্তুত, এতে হয়তো চোটও পেতে পারে।”

বিশ্বকাপের প্রস্তুতির জন্য নিবিড় অনুশীলন খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন হ্যালসল। তিনি বলেন, “সবাইকে নিজের জায়গায় অনুশীলন করতে হবে। ওরা জানবে প্রত্যেক ব্যাটসম্যান বা বোলারের জন্য কোথায় দাঁড়াতে হবে। নিজের ভূমিকা নিয়ে ওরা যত খুশি হবে, আত্মবিশ্বাসও তত বাড়বে।”

ফিল্ডিং কোচ মনে করেন, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের কন্ডিশনে স্লিপে এক বা দুই জন বেশি ফিল্ডার রাখা হতে পরে। নতুন বলে স্লিপে সুযোগ তৈরি সম্ভাবনা বেশি থাকবে। তাই সুযোগ কাজে লাগাতে স্লিপ ক্যাচিংয়ের সংখ্যা বাড়ানো হবে বলে জানান হ্যালসল।

“দলে এনামুল, সৌম্যর মতো বিশ্বস্ত হাত রয়েছে। আরো কয়েকজন রয়েছে যাদের হাতও খুব বিশ্বস্ত। আশা করি, ওরা অস্ট্রেলিয়াতে ভালো কিছুই করবে।”