বিশ্বকাপে অলরাউন্ডার সাকিবে আস্থা আমিনুলের
বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য আশা করে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর আস্থা রাখছেন আমিনুল ইসলাম।
বিগ ব্যাশ লিগে খেলতে এখন অস্ট্রেলিয়ায় আছেন সাকিব। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম অধিনায়ক আমিনুল মনে করেন, আগেই যাওয়ার সুযোগ পাওয়ায় কন্ডিশন ও পিচ সম্পর্কে ধারণা পেতে পারেন এই অলরাউন্ডার।
১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বসবে বিশ্বকাপের একাদশ আসর।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট শতক করার কৃতিত্ব দেখানো আমিনুল মনে করেন, বিশ্বকাপে বাংলাদেশের ভালো করতে হলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের সাফল্য পাওয়া জরুরি। তিনি বলেন, “দলীয় প্রচেষ্টায় ক্রিকেটে সাফল্য আসে। সাকিবের কৃতিত্বের সঙ্গে অন্যদের নৈপুণ্য যোগ হলে ভালো করবে বাংলাদেশ।”
শনিবার ঢাকার পাবলিক মিলনায়তনে সাকিব আল হাসানকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আসা আমিনুল বলেন, “সাকিব বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় দূত। যেসব দেশে খুব কম মানুষ ক্রিকেট সম্পর্কে জানে, সেখানেও সে খুব জনপ্রিয়।”
এতিহ্য থেকে প্রকাশিত সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা ‘সাকিব আল হাসান: আপন চোখে, ভিন্ন চোখে’ বইটির মোড়ক উন্মোচন করেন সাকিবের মা শিরিন আখতার।
সাকিব যেন সুস্থ থেকে দেশের জন্য খেলে যেতে পারে –এই দোয়া চান তিনি।
