২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজ্ঞ নিউ জিল্যান্ড দলে সম্ভাবনা দেখছেন ফ্লেমিং

বিশ্বকাপের ‘সেমি-ফাইনালের দল’ তারা। গতবার অবশ্য সেই সেমি পর্যন্তও যেতে পারেনি নিউ জিল্যান্ড। তবে সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং এবারের স্কোয়াডের কাছে আশা করছেন বিশেষ কিছু। কিউই বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়ায় সে সম্ভাবনা বেড়ে গেছে বলে নিজের মত আইসিসির জন্য লেখা কলামে জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 05:34 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

নিউ জিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড নির্বাচন নীতিকে যদি বর্ণনা করতে বলা হয়, তাহলে একটি মাত্র শব্দেই আমি তা করতে পারব- অভিজ্ঞতা।

সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার ছিল যেসব জায়গায়, এর প্রতিটিতেই নিউ জিল্যান্ডের ক্রিকেট সিলেকশনের জেনারেল ম্যানেজার ব্রুস এডগার এবং কোচ মাইক হেসন ঝুঁকেছেন পরীক্ষিতদের দিকে। আর আমিও তাদের পছন্দে দ্বিমত করছি না।

আনকোরা তরুণদের চেয়ে অভিজ্ঞদের পছন্দ সব অধিনায়কের; বিশেষ করে বিশ্বকাপের সম্ভাব্য চাপের সময়টার কথা মাথায় রেখে। কাইল মিলস, গ্র্যান্ট এলিয়ট ও ড্যানিয়েল ভেটোরিরা কিউইদের ওই নির্বাচন-নীতির সুযোগে দলে ঢুকে পড়েছেন। আর যোগ্যতা তো তাদের রয়েছে অবশ্যই।

মুদ্রার অন্য প্রান্তে থাকা জিমি নিশাম, ম্যাট হেনরি ও অ্যান্টন ডেভচিচকে দুর্ভাগা বলতে হয়। সাম্প্রতিক অতীতে এরা সবাই ছিল নিউজিল্যান্ড দলের অংশ। অথচ বিশ্বকাপে এই মহাগুরুত্বপূর্ণ সময়ে ছিটকে পড়ল দল থেকে।

বাদ পড়া সবচেয়ে বড় নাম নিশামের। তবে দল ঘোষণা হওয়ার পর ওর পরিসংখ্যানে চোখ বুলিয়ে আমি খানিকটা অবাক হলাম। নিজেকে জিজ্ঞেস করলাম, নিশামের না থাকাটা এত বড় চমক হয়ে এল কেন! ২০১৪ সালে খেলা আট ম্যাচে ও মোট রান করেছে মোটে ৬৩। ছয় উইকেট নিয়েছে ৫৫.৮৩ গড় এবং ৭.১০ ইকোনমি রেটে। এই পরিসংখ্যান সে দলে জায়গা পাওয়ার দাবি জানাতে পারছে কই! পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করা একজনের কাছ থেকে চাওয়াটা থাকে এর চেয়ে অনেক বেশি। আর নিশামের বোলিং অভাব পুষিয়ে দেওয়ার মতো অনেকেই আছে কিউই দলে।

ওর চেয়ে ফাস্ট বোলার হেনরির বরং হতাশ হওয়ার কারণ বেশি। সাধ্যের মধ্যে সম্ভাব্য সবই তো করেছে ছেলেটি। গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজে বোলিং করেছে ঝড়ের বেগে। চার ম্যাচে নিয়েছে ১৩ উইকেট। তারপরও এডগার ও হেসন বেছে নিলেন ট্রেন্ট বোল্ট, মিচেল ম্যাকক্লেন্যাগ্যান ও মিলসকে। শেষ জন সুযোগ পেয়েছে কুচকির ইনজুরির সাম্প্রতিক সমস্যা সত্ত্বেও।

মিলসের ইনজুরিটা হল বড্ড বাজে সময়ে। যে কারণে অন্যরা নিজেদের দাবি জানানোর সুযোগ পাচ্ছেন। তবে নির্বাচকরা যদি ওর ফিটনেস নিয়ে নিঃসংশয় হন, তাহলে বিশ্বকাপ দলে মিলসের জায়গাটা প্রাপ্য অবশ্যই। বহু বছর ধরে ওয়ানডেতে সিম বোলার হিসেবে ব্ল্যাক ক্যাপসদের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলছে ও। মিলসের জন্য এখন চ্যালেঞ্জ হল, ওর ওপর রাখা আস্থার প্রতিদান দেওয়া।

ম্যাকক্লেন্যাগ্যান অথবা বোল্টের আগেও হেনরিকে রাখা যেত বলে যে কেউ তর্ক করতে পারেন। কিন্তু এই দুই জায়গাতেও নির্বাচকদের পক্ষপাতিত্ব ওই অভিজ্ঞতার দিকে। হেনরির মতো ম্যাকক্লেন্যাগ্যানও উইকেট-শিকারি। ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক টুর্নামেন্টে ঝলসে ওঠার ইতিহাস ওর পক্ষে কাজ করেছে। আর পাকিস্তানের বিপক্ষে সিরিজে বোল্টকে বিশ্রামে দেওয়াতেও বোঝা গেছে, নির্বাচকদের ভাবনায় এই পেসার ছিল সবসময়।

বোল্ট, ম্যাকক্লেন্যাগ্যান, টিম সাউদি এবং ঘণ্টায় ১৫০ কিলোমিটারের আশপাশের গতিতে বোলিং করা অ্যাডাম মিলনের ব্যাপারে আমার পছন্দের ব্যাপার - ওরা প্রত্যেকেই জাত উইকেটশিকারী। টুর্নামেন্টে প্রতিপক্ষকে চেপে ধরায় ওই উইকেট নেয়ার জন্য ঝাঁপানোটাই সবচেয়ে ভালো উপায়। রান আটকে রাখলেন আর অপেক্ষায় থাকলেন প্রতিপক্ষের ভুলের- এমন রণকৌশলে বিশ্বকাপ জেতা যাবে না। হ্যাঁ, হেনরিও নিঃসন্দেহে উইকেটশিকারিদের দলে পড়ে। তবে স্কোয়াডে তো মোটে ১৫ জনই নেওয়া যায়। হেনরিকে তাই আমি ভীষণ দুর্ভাগাই বলব।

সেই ২০১৩ সালের পর আর জাতীয় দলে না খেলা এলিয়টের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ায় বিশেষত নিউ জিল্যান্ডের বাইরের অনেকেই অবাক হয়েছেন। তবে ও কিন্তু আগে আন্তর্জাতিক আঙ্গিনায় ভালো খেলেছে। অভিজ্ঞতার ঘাটতি নেই এবং চলতি ঘরোয়া মৌসুমেও রয়েছে তুখোড় ফর্মে; নির্বাচক ও কোচের চাহিদা মেটানোর মতোই এক ক্রিকেটার এলিয়ট।

বিশ্বকাপে খেলার জন্য ভেটোরি সত্যি খুব পরিশ্রম করে নিজেকে প্রস্তুত করেছে। তবে ইনজুরির সঙ্গে ওর সখ্যতার যে ইতিহাস, তাতে আবার ইনজুরিতে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিকল্প বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নাথান ম্যাককালাম তাই জায়গা করে নিয়েছে স্কোয়াডে; অলরাউন্ডার ডেভচিচের চেয়ে এগিয়ে থেকে। আরব আমিরাতে ব্যাট-বলে ডেভচিচ প্রতিশ্রুতির ঝলক দেখিয়েছে ঠিকই কিন্তু সেটি আবার বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার মতো যথেষ্ট না। ডিন ব্রাউনলির ক্ষেত্রেও বলা যায় একই কথা।

এই দুর্ভাগা ক্রিকেটারদের মধ্যে অন্তত একজন যে শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেবে না, সেটি জোর গলায় বলার উপায় নেই। নিউ জিল্যান্ডের ক্রিকেটার বিশেষত বোলারদের ইনজুরির ইতিহাস অমন ভাবনা ভাবাচ্ছে আমাকে। কারণ বিশ্বকাপ শুরুর তারিখ ওই ১৪ ফেব্রুয়ারি আসতে এখনো ঢের বাকি।

আমি কি মনে করি, নিউ জিল্যান্ডের এই দলটি বিশ্বকাপ জেতার মতো? টুর্নামেন্ট শুরুর আগে এমন পূর্বানুমান যে মূল্যহীন, সেটি বোঝার মতো যথেষ্ট ক্রিকেট আমি দেখেছি এবং খেলেছি।

আমি যা বলতে পারি সেটি হল, ফর্ম, ভাগ্য ও ইতিবাচকতা বহাল থাকলে এই স্কোয়াডের বিশেষ কিছু করার দুর্দান্ত সুযোগ রয়েছে অবশ্যই।

- সৌজন্যে আইসিসি