দল ঘোষণা বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ডের
বাংলাদেশের গ্রুপে থাকা স্কটল্যান্ড বিশ্বকাপের দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেতৃত্বে দেবেন প্রেস্টন মমসেন।
এর আগে ১৯৯৯ ও ২০০৭ সালের বিশ্বকাপে খেলে স্কটল্যান্ড। এই দুই আসর মিলিয়ে খেলা আট ম্যাচেই হারে দলটি।
বিশ্বকাপে প্রথম জয়ের সন্ধানে থাকা স্কটল্যান্ড দলে রয়েছেন কাইল কোয়েটজার, ফ্রেডেরিক কোলম্যান ও ম্যাট ম্যাচানের মতো ব্যাটসম্যান যারা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলেন।
গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড সফর করে স্কটল্যান্ড। বিশ্বকাপের প্রস্তুতির সেই সফরে সাতটি ম্যাচের দুটিতে জিতে তারা। এতে ৫৫.৫০ গড়ে রান করেন কোয়েটজার।
স্কটল্যান্ডের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন বলেন, “১৫ জনের চূড়ান্ত দলে থাকা খেলোয়াড়দের জন্য বড় একটি অর্জন। …দীর্ঘ সময় ধরে ওদের সবাই কঠোর পরিশ্রম করছে।”
স্কটল্যান্ডের কোচ জানান, পরাজয়ের বৃত্ত ভেঙে এবার বিশ্বকাপে জয় চান তারা।
১৭ ফেব্রুয়ারি ডানেডিনে নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলবে স্কটল্যান্ড। ৫ মার্চ নেলসনে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।
বিশ্বকাপে এর আগে একবারই স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ১৯৯৯ সালের সেই ম্যাচে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়টি পেয়েছিল তারা।
স্কটল্যান্ডের বিশ্বকাপ দল: প্রেস্টন মমসেন (অধিনায়ক), কাইল কোয়েটজার, রিচি ব্যারিংটন, ফ্রেডেরিক কোলম্যান, ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক), জশুয়া ডেভি, অ্যাল্যাসডার ইভান্স, হ্যামিশ গ্যার্ডিনার, মাজিদ হক, মাইকেল লেস্ক, ম্যাট ম্যাচান, ক্যালাম ম্যাক্লাওড, সাফিয়ান শরিফ, রবার্ট টেইলর, ইয়ান ওয়ার্ডল।
