২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে স্মিথ

অধিনায়কের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে দারুণ সব কীর্তি গড়ে চলেছেন স্টিভেন স্মিথ। এবার ব্যাটিং কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের প্রায় ৬০ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়া টেস্ট দলের নতুন এই অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 04:46 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

ভারতের বিপক্ষে কোনো সিরিজে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ব্র্যাডম্যানকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন স্মিথ।

সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে শুক্রবার ৭১ রান করে স্মিথ অনন্য রেকর্ডটি গড়েন। সিরিজে এখন তার মোট রান ৭৬৯। ১২৮.১৬ গড়ে এই রান করতে ৮৩টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি।

ব্র্যাডম্যান ১৯৪৭/৪৮ মৌসুমে ৫ টেস্টের সিরিজে ৭১৫ রান করে আগের রেকর্ডটি গড়েছিলেন।

ব্যাট হাতে এক সিরিজের সাফল্যের বিবেচনায় এই দিনে আরেকটি রেকর্ড গড়েন স্মিথ; চার বা এর চেয়ে কম ম্যাচের সিরিজে তিনিই এখন সর্বোচ্চ রানের অধিকারী।

এছাড়া গত বুধবার এই টেস্টের দ্বিতীয় দিনে একটি রেকর্ড স্পর্শ করেন স্মিথ; ৪ টেস্টের সিরিজের সব ম্যাচে শতক করার কৃতিত্ব দেখান তিনি। কমপক্ষে চার টেস্টের সিরিজে এর আগে সবকটি ম্যাচেই শতক করার রেকর্ড শুধু দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসেরই ছিল।

ক্যালিসকে ছোঁয়ার দিনে ১১৭ রান করেন এই ডান-হাতি ব্যাটসম্যান। অ্যাডিলেইডের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৬২ রান করেন স্মিথ। তারপর মাইকেল ক্লার্কের অনুপস্থিতি ব্রিসবেন ও মেলবোর্নেও শতক করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

ভারতের বিপক্ষে চলমান সিরিজে ২-০ ব্যবধানে আগেই জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শেষ টেস্টের চতুর্থ দিন শেষে ৩৪৮ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

পুরনো খবর:

ভারতের বোলারদের পিটিয়ে সিডনির নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার