অধিনায়ক কোহলির নতুন ইতিহাস
সিডনি টেস্টের প্রথম ইনিংসে শতক করে ইতিহাস হয়ে গেলেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে প্রথম তিন ইনিংসে শতক করা প্রথম ক্রিকেটার এখন তিনি।
অ্যাডিলেইডে সিরিজের প্রথম টেস্টে চোটের কারণে মহন্দ্রে সিং ধোনি না থাকায় ভারতের নেতৃত্ব দেন কোহলি। এটি ছিল অধিনায়ক হিসেবে কোহলির প্রথম টেস্ট। সেই ম্যাচের দুই ইনিংসেই শতক করেন কোহলি।
মেলবোর্নে ড্র হওয়া তৃতীয় টেস্টের পর ধোনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। ভারতের ক্রিকেট বোর্ড এরপর অধিনায়কত্বের দায়িত্ব দেয় কোহলির ওপর।
সিডনিতে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচটি অধিনায়ক হিসেবে কোহলির দ্বিতীয় টেস্ট।
বৃহস্পতিবার এই ম্যাচের তৃতীয় দিনে শতক করেন কোহলি। দিন শেষে ১৪০ রানে অপরাজিত ছিলেন তিনি। সিরিজ হার নিশ্চিত হয়ে গেলেও ভারতের সিডনি টেস্ট বাঁচানোর আশা কোহলির ওপরই নির্ভর করছে।
৭ উইকেটে ৫৭২ রান তুলে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করার পর সিডনিতে বৃহস্পতিবার তৃতীয় দিন শেষে ভারত ৫ উইকেটে ৩৪২ রান করে।
এরই মধ্যে এই সিরিজে ৬৩৯ রান তুলে ফেলেছেন কোহলি। এর আগে ২০০৩-০৪ মৌসুমে ৪ ম্যাচে ৬১৯ রান করা রাহুল দ্রাবিড়ই ছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে এক সিরিজে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যান।
সিডনি টেস্টের প্রথম ইনিংসের শতক কোহলির নামটি বসিয়ে দিয়েছে কিংবদন্তি সুনীল গাভাস্কারের নামের পাশে। এক সিরিজে চারটি শতক কোহলির আগে ভারতের এই সাবেক অধিনায়কের একার ছিল।
