অবশেষে বিশ্বকাপ দলে মাসাকাদজা
অবশেষে জিম্বাবুয়ের বিশ্বকাপ দলে জায়গা পেলেন হ্যামিল্টন মাসাকাদজা। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলবেন ২০০১ সালে ওয়ানডে অভিষেক হওয়া এই ব্যাটসম্যান।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বছর কাটানো মাসাকাদজা ২০০৩, ২০০৭ ও ২০১১ বিশ্বকাপের জিম্বাবুয়ে দলে উপেক্ষিত ছিলেন।
২০০৩ সালে মাসাকাদজা বাদ পড়েন অনভিজ্ঞতার কারণে। ২০০৭ সালে চোটের কাছে হেরে যান তিনি। আর ২০১১ বিশ্বকাপের সময় ছিলেন বাজে ফর্মে।
১৫ সদস্যের দলে আছেন জিম্বাবুয়ের হয়ে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে শেষ ওয়ানডে খেলা চামু চিবাবা। বুধবার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগের দিন জিম্বাবুয়ের 'এ' দলের হয়ে হারারেতে ১৫৫ রানের একটি ইনিংস খেলেন তিনি।
২০১২ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের হয়ে সবশেষ ওয়ানডে খেলা স্টুয়ার্ট মাটসিকেনিয়ারিকেও দলে রাখেন নির্বাচকরা। অফস্পিন থেকে নিষিদ্ধ হওয়া প্রসপার উতসেয়াকেও দলে রাখা হয়।
সম্প্রতি বাংলাদেশ সফরের দলে না থাকলেও বিশ্বকাপে আছেন শন উইলিয়ামস। তবে ফর্মের কারণে বাদ পড়েন ভুসি সিবান্দা।
বিশ্বকাপের জিম্বাবুয়ে দল: এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, টেন্ডাই চাটারা, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, টাফাজয়া কামুনগোজি, হ্যামিল্টন মাসাকাদজা, স্টুয়ার্ট মাটসিকেনিয়ারি, সলোমন মায়ার, টাওয়ান্ডা মুপারিয়া, টিনাশে পানিয়াঙ্গারা, ব্রেন্ডন টেইলর, প্রসপার উতসেয়া, শন উইলিয়ামস।
