বাংলাদেশের প্রথম লক্ষ্য দ্বিতীয় রাউন্ড
বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে রোমাঞ্চিত দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে। স্বপ্ন তার অনেক বড়; তবে আপাতত প্রথম লক্ষ্য দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, “আমাদের বাস্তববাদী হতে হবে। আমাদের প্রথম লক্ষ্য, দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা। এরপর বাকিটা নিয়ে ভাবা যাবে।”
১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের সঙ্গী দুই স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও স্কটল্যান্ড। গ্রুপের সেরা চার দল খেলবে পরের রাউন্ডে।
তিনি জানান, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া এশিয়ার যে কোনো দলের জন্যই কঠিন হবে। ব্রিসবেনের দুই সপ্তাহের ক্যাম্পটা খুব গুরুত্বপূর্ণ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য এটা দারুণ একটা সুযোগ।
বিগ ব্যাশ লিগে সাকিব আল হাসানের খেলা বাংলাদেশের জন্য সহায়ক হবে বলে মনে করেন হাথুরুসিংহে।
“এটা সাকিবের জন্যও সহায়ক হবে। সেখানে আগে যাওয়াটা যে কারোর জন্য সহায়ক হবে। তাই আমরা আগেই যাচ্ছি।”
“কোচ হিসেবে যাদের চাই তাদের সবাইকে হয়তো পাওয়া যায় না। তবে তুমি চাও এমন ১২/১৩ জন দলে থাকলে খুশি হতেই পারো। তখন তুমি একটি পরিকল্পনা সাজাতে পারো।”
