২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই গুল, চমক সোহেল

বিশ্বকাপের পাকিস্তান দলে জায়গা হয়নি ফাস্ট বোলার ওমর গুলের। আর চমক জাগিয়ে ডাক পেয়েছেন পাঁচটি ওয়ানডে খেলা পেসার সোহেল খান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 04:16 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘোষণা করা ১৫ সদস্যের দলে নেই অভিজ্ঞ দুই ক্রিকেটার শোয়েব মালিক ও কামরান আকমলও।

৩০ বছর বয়সী সোহেলের ছোট্ট ওয়ানডে ক্যারিয়ারের পাশে ২টি টেস্ট এবং ৩টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু সেগুলোর সবই তিন বছরেরও আগে, ২০১১ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে শেষ খেলেছিলেন তিনি।

ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্স করাতেই সোহেল বিশ্বকাপ দলে ডাক পেয়েছে বলে জানান দেশটির প্রধান নির্বাচক মইন খান।

দলে ফেরা ইয়াসির শাহের ওয়ানডে অভিজ্ঞতাও একেবারেই অল্প। ২০১১ সালে একমাত্র ওয়ানডেটি খেলেন এই লেগ-স্পিনার। তবে সম্প্রতি টেস্টে দারুণ খেলেন তিনি। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টে ২৭ উইকেট নেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার নিষেধাজ্ঞা থাকলেও মোহাম্মদ হাফিজের দলে থাকাটা প্রত্যাশিতই ছিল। শুধু ব্যাট করতে পারবেন তিনি।

গত ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডের সিরিজে না খেলা ব্যাটসম্যান শোয়েব মাকসুদ, ফাস্ট বোলার জুনায়েদ খান ও এহসান আদিলও বিশ্বকাপে যাচ্ছেন। চোটের কারণে ওই ওই সিরিজে খেলেননি তারা।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া একাদশ বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন মিসবাহ উল হক। পায়ের পেশির (হ্যামস্ট্রিং) চোটের কারণে বর্তমানে তিনি মাঠের বাইরে থাকলেও বিশ্বকাপের আগেই তার সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী পিসিবি।

ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে ‘বি’ পুলে পাকিস্তানের প্রতিপক্ষরা হলো- ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

বিশ্বকাপে পাকিস্তান দল: মিসবাহ-উল-হক, মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, হারিস সোহেল, মোহাম্মদ ইরফান, সরফরাজ আহমেদ, ইউনুস খান, উমর আকমল, শহিদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, শোয়েব মাকসুদ, জুনায়েদ খান, এহসান আদিল, সোহেল খান।