পরীক্ষিতদের নিয়ে ভারতের বিশ্বকাপ দল
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে পরীক্ষিত ক্রিকেটারদের নিয়েই ১৫ সদস্যের চূড়ান্ত দল গঠন করেছে ভারত।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা কম থাকলেও দুই অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি এবং আকশার প্যাটেলকে দলে নিয়েছে নির্বাচকেরা। বিনির ৬টি এবং প্যাটেলের ৯টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে।
মঙ্গলবার ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলটি ঘোষণা করে।
আগামী ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া একাদশ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন সম্প্রতি টেস্ট থেকে বিদায় নেয়া মহেন্দ্র সিং ধোনি। আর সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন বিরাট কোহলি।
২০১১ সালে ঘরের মাটিতে ধোনির নেতৃত্বেই দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল ভারত।
পাঁচ জন ব্যাটসম্যান, দুই জন উইকেটরক্ষক-ব্যাটসম্যান, তিন জন অলরাউন্ডার, চার জন পেসার এবং একজন বিশেষজ্ঞ স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার চোট সমস্যা থাকলেও তাকে দলে রাখা হয়েছে।
