২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নারের শতকে ভারতের বিপক্ষে সিডনি টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ও ক্রিস রজার্সের দৃঢ়তাভরা ব্যাটিংয়ের পর দলকে দলকে এগিয়ে নিচ্ছেন স্টিভ স্মিথ ও শেন ওয়াটসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 01:21 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

মঙ্গলবার দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৩৪৮ রান। অধিনায়ক স্মিথ ৮২ ও শেন ওয়াটসন ৬১ রানে অপরাজিত রয়েছেন। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে এরই মধ্যে ১৪৪ রানের জুটি গড়েছেন এই দুই জন।

সিরিজে টানা তিন ম্যাচে শতক পাওয়া স্মিথের ১৩৪ বলের ইনিংসটি গড়া ১০টি চারে। আর ওয়াটসনের ১৩২ বলের ইনিংসটিতে রয়েছে ৬টি চার।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন ওয়ার্নার ও রজার্স। শতকে পৌঁছানোর পর ওয়ার্নারের বিদায়ে ভাঙে ২০০ রানের উদ্বোধনী জুটি।

অ্যাডেইলেডে প্রথম টেস্টে জোড়া শতক পাওয়ার পর খুব একটা ভালো করতে পারছিলেন না ওয়ার্নার। কিন্তু সিডনিতে স্বরূপেই ফিরেছেন তিনি।

১০১ রান করতে বাঁহাতি ব্যাটসম্যান ওয়ার্নার খেলেন মাত্র ১১৪ বল। তার আক্রমণাত্মক ইনিংসটি ১৬টি চার সমৃদ্ধ। এটি তার দ্বাদশ শতক।

ওয়ার্নারের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি রজার্স। মোহাম্মদ সামির বলে বোল্ড হওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান ফিরেন ৫ রানের জন্য শতক না পাওয়ার হতাশা নিয়ে।

ভারতের বিপক্ষে টানা পাঁচ ইনিংসে অর্ধশতক পাওয়া রজার্সের (৯৫) ১৬০ বলের ইনিংসটিতে ১৩টি চার রয়েছে।

২-০ ব্যবধানে এগিয়ে আগেই চার ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৯০ ওভারে ৩৪৮/২ (রজার্স ৯৫, ওয়ার্নার ১০১, ওয়াটসন ৬১*, স্মিথ ৮২*; সামি ১/৫৮, অশ্বিন ১/৮৮)