২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিবাচক খেলতে চান কোহলি

অ্যাডিলেইডে করা ভুলগুলো শুধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে ইতিবাচকভাবে ভারতকে নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছেন বিরাট কোহলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 06:30 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

গত সপ্তাহে মেলবোর্ন টেস্ট শেষে টেস্ট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিলে অধিনায়কের দায়িত্ব পান ডান-হাতি ব্যাটসম্যান কোহলি।

এবারের অস্ট্রেলিয়ার সফরের প্রথম টেস্টেও অধিনায়ক ছিলেন কোহলি। তখন মূল অধিনায়ক ধোনির অসুস্থতার কারণে নেতৃত্বের ভার পড়েছিল কোহলির কাঁধে। ওই ম্যাচে দারুণ লড়াই করলেও শেষ দিনের নাটকীয়তায় ৪৮ রানে হেরে যায় ভারত।

কোহলি জানান, অ্যাডিলেইডের কিছু বিষয় বিশ্লেষণ করে সেগুলোর উন্নতি করার কথা গত কয়েকদিন ধরে ভেবেছেন তিনি।

অ্যাডিলেইডে অধিনায়ক হিসেবে করা কিছু ভুল নিয়ে সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিকদেরকে কোহলি বলেন, “আশা করি সেগুলো আমি ঠিক করব এবং মাঠে সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করব।”

মঙ্গলবার সিডনির এই মাঠেই শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজের শেষ ম্যাচ।

অ্যাডিলেইডের পর ব্রিসবেনে ৪ উইকেটে জেতে অস্ট্রেলিয়া। আর মেলবোর্ন টেস্টটি ড্র করে সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা।