নয় জনের প্রথম বিশ্বকাপ
প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়ে রোমাঞ্চিত সৌম্য সরকার ও তাইজুল ইসলাম। মাত্র একটি করে ওয়ানডে ম্যাচ খেলা এই দুই ক্রিকেটারের মতো একই রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে নাসির হোসেন ও মুমিনুল হকদেরও।
সৌম্য, তাইজুল, নাসির, মুমিনুলছাড়াও আরো পাঁচ ক্রিকেটার প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। এরা হলেন, এনামুল হক, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও সাব্বির রহমান।
উদ্বোধনী ব্যাটসম্যান এনামুলের থাকাটা এক রকম নিশ্চিতই ছিল। অভিষেকের পর থেকে ওয়ানডেতে দারুণ উজ্জ্বল এই ব্যাটসম্যান। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার দিনই অপরাজিত দেড়শ’ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি।
প্রিমিয়ার লিগে খুব একটা ভালো করতে না পারলেও বিশ্বকাপ দলে ঠিকই আছেন মুমিনুল। টেস্টে যতটা আলো ছড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান, ততটা পারেননি ওয়ানডে। কিন্তু তিন নম্বরে ব্যাটিংয়ের জন্য তিনিই সেরা পছন্দ।
প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পাওয়া মুমিনুল প্রসঙ্গে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, “মুমিনুল হয়তো শেষ পাঁচ/ছয়টা ম্যাচ রান করেনি। কিন্তু আমরা তো মাত্র পাঁচ/ছয়টা ম্যাচ দেখে দল বানাই না। চার-পাঁচ মাসের পারফরম্যান্সও দেখি আমরা।”
বিশ্বকাপ দলে থাকার স্বপ্ন পূরণ হওয়ায় খুশি নাসির হোসেন, সাব্বির রহমান। এই দুই জনের যেকোনো একজন খেলবেন সাত নম্বরে, অন্য জনকে হয়তো বিশ্বকাপে খেলার স্বাদ পেতে অপেক্ষা করতে হবে। সেই প্রতিদ্বন্দ্বিতা ভুলে আপাতত ডাক পাওয়ার আনন্দে ভাসছেন দুই জন।
সাকিব আল হাসানের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে খেলতে পারেন আরাফাত সানি ও তাইজুলের যেকোনো একজন। মাত্র একটি ওয়ানডে খেলেই বিশ্বকাপ দলে জায়গা পাওয়া তাইজুলের লক্ষ্য আরো বড়, বিশ্বকাপের সেরা ১০ বোলারের তালিকায় থাকতে চান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন হলেও ঘরোয়া ক্রিকেটে এক দশকের বেশি সময় ধরে খেলার অভিজ্ঞতা রয়েছে সানির। আপাতত বিশ্বকাপের প্রতিপক্ষদের মোকাবেলায় প্রস্তুতির দিকেই তার নজর।
অভিষেকে পাঁচ উইকেট নিয়ে চমকে দেয়ার পেসার তাসকিন নিজেকে চেনাতে চান বিশ্বকাপে। বছর জুড়ে ভালো খেলে শেষটায় ছন্দ হারিয়ে ফেলা আল-আমিন হোসেন নিজেকে ফিরে পেতে চান অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে।
ইমরুল কায়েস, শামসুর রহমান, জিয়াউর রহমানদের পেছনে ফেলে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সৌম্য। দারুণ ছন্দে থাকা এই ক্রিকেটার অপেক্ষা করছেন সামর্থ্যের প্রমাণ দেয়ার।
