২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুলের অপরাজিত ১৫০ রানে একাডেমির জয়

এনামুল হকের অসাধারণ ব্যাটিংয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 05:45 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

রোববার সুপার সিক্সের শেষ ম্যাচে গত মৌসুমের চ্যাম্পিয়ন লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ক্রিকেট একাডেমির জয়টি ৩৮ রানে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ক্রিকেট একাডেমি। এনামুলের সঙ্গে উদ্বোধনীতে ৯৩ রানের জুটি গড়ে ৪২ রান করে আউট হন ইমতিয়াজ হোসেন।

৭টি চার ও ১০টি ছয়ে ১৪৬ বলে অপরাজিত ১৫০ রান করা এনামুল এরপর জুটি গড়েন নাফিস ইকবালের সঙ্গে। দ্বিতীয় উইকেটে ১১০ রান তুলে আউট হন ৫২ রান করা নাফিস।

এ ছাড়া ১৭ বলে ৩৬ রান করেন সাব্বির রহমান। কুয়াশার কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেট হারিয়ে ২৮৮ রান করে ক্রিকেট একাডেমি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়েছিল রূপগঞ্জেরও। জুনাইদ সিদ্দিকী আর শাহীন হোসেন উদ্বোধনী জুটিতে তোলেন ৮৫ রান।

জুনাইদ ৫৩ বলে ৫০ রান করেন। আর শাহীন আউট হন ৩৩ রান করে। বাকি ব্যাটসম্যানদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ফলে নির্ধারিত ৪৫ ওভারে ৬ উইকেটে ২৫০ রান করতে পারে রূপগঞ্জ।

ক্রিকেট একাডেমির পক্ষে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন বিশ্বনাথ হালদার।

দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন এনামুল।