২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারার ব্যাটে এগিয়ে গেল শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে ওয়েলিংটন টেস্টের গতি-প্রকৃতিই পাল্টে দিলেন কুমার সাঙ্গাকারা। বাঁহাতি এই ব্যাটসম্যানের অসাধারণ এক দ্বিশতকে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে এগিয়ে গিয়েছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 01:35 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

রোববার দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে নিউ জিল্যান্ড। এখনও ১১৩ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। টম ল্যাথাম ৯ ও হামিশ রাদারফোর্ড ১২ রান নিয়ে উইকেটে আছেন।

প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের ২২১ রানের জবাবে অলআউট হওয়ার আগে ৩৫৬ রান করে শ্রীলঙ্কা।

ক্রাইস্টচার্চে হেরে যাওয়া প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭ রানই করেছিলেন সাঙ্গাকারা। আর ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৫৬ রানের মধ্যে ২০৩ রানই তার।

শ্রীলঙ্কা ১৮ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন সাঙ্গাকারা। প্রথম দিন শেষে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে দিগভ্রান্ত হয়ে পড়া শ্রীলঙ্কাকে বাঁচাতে এরপর গুরুত্বপূর্ণ চারটি জুটি গড়েন তিনি।

সাঙ্গাকারার গড়া চারটি জুটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দিনেশ চান্দিমালের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিটি। ৪৪.২ ওভারের এই জুটিতে ২.৯৩ গড়ে ১৩০ রান আসে। জেমস নিশামের বলে আউট হওয়ার আগে ৬৭ রান করেন চান্দিমাল।

উইকেটের চারদিকে সবধরণের শট খেলতে থাকা সাঙ্গাকারার ব্যাট চলতে থাকে সমান তালে। সপ্তম উইকেটে ধাম্মিকা প্রসাদকে নিয়ে গড়েন ৩৪ রানের জুটি। অষ্টম উইকেট জুটিতে রঙ্গনা হেরাথকে নিয়ে তোলেন ৪৭ রান। আর শ্রীলঙ্কার নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে সুরঙ্গা লাকমালের সঙ্গে নবম উইকেটে ৬৭ রান এনে দেন সাঙ্গাকারা।

১০২তম ওভারে নিশামের প্রথম বলে কাভার দিয়ে চার মেরে দ্বিশতকে পৌঁছান সাঙ্গাকারা। ওই ওভারের শেষ বলেই আউট হন টেস্টে গত ১২ মাসে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান। ৩০৬ বলের ইনিংসটি ১৮টি চার ও ৩টি ছয়ে সাজান তিনি।

শনিবার টেস্ট ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রানের মাইলফলকে পৌঁছা সাঙ্গাকারা এই দ্বিশতকে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার সঙ্গে আরেকটি রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছেন।

অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে প্রায় ছুঁয়ে ফেলেছেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার এই বাঁ-হাতি ব্যাটসম্যানের দ্বিশতক এখন ১১টি, যা ব্র্যাডম্যানের রেকর্ডের চেয়ে একটি কম। 

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২২১ (ল্যাথাম ৬, রাদারফোর্ড ৩৭, উইলিয়ামসন ৬৯, টেইলর ৩৫, ম্যাককালাম ০, নিশাম ১৫, ওয়াটলিং ১১, ক্রেইগ ৭, ব্রেসওয়েল ১৬, সাউদি ০, বোল্ট ১৬*; প্রদিপ ৪/৬৩, লাকমাল ৩/৭১, প্রসাদ ২/৫০, ম্যাথিউস ১/২৯) ও ২২/০(ল্যাথাম ৯*, রাদারফোর্ড ১২*)। 

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১০২.১ ওভারে ৩৫৬ (করুনারত্নে ১৬, সিলভা ৫, সাঙ্গাকারা ২০৩, থিরিমান্নে ০, ম্যাথিউস ১৫, প্রসন্ন জয়াবর্ধনে ৬, চান্দিমাল ৬৭, প্রসাদ ১১, হেরাথ ১৫, লাকমাল ৫, প্রদিপ ০*; নিশাম ৩/৪২, ব্রেসওয়েল ৩/৯৩, বোল্ট ২/৭৫, ক্রেইগ ১/৫৫,  সাউদি ১/৮৭)।