অনন্য দ্বিশতকে ব্র্যাডম্যানের আরো কাছে সাঙ্গাকারা
ওয়েলিংটন টেস্টে অসাধারণ এক দ্বিশতক হাঁকিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে প্রায় ছুঁয়ে ফেলেছেন কুমারা সাঙ্গাকারা। শ্রীলঙ্কার এই বাঁ-হাতি ব্যাটসম্যানের দ্বিশতক এখন ১১টি, যা ব্র্যাডম্যানের রেকর্ডের চেয়ে একটি কম।
রোববার টেস্টের দ্বিতীয় দিন শেষে সাঙ্গাকারার ব্যাটে ভর করেই বিপদ কাটিয়ে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস ছাড়িয়ে যায় সফরকারীরা। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে সাঙ্গাকারার প্রতিরোধে এক পর্যায়ে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কার সংগ্রহ সাড়ে তিনশ' পার হয়।
জেমস নিশামের বলে ট্রেন্ট বোল্টের অসাধারণ ক্যাচে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২০৩ রান করেন সাঙ্গাকারা। ৩০৬ বলের এই ইনিংসে ছিল ১৮টি চার ও ৩টি ছক্কা।
দর্শকদের করতালির মধ্য দিয়ে মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষ খেলোয়াড়দেরও অভিনন্দন পান সাঙ্গাকারা।
উইকেটে সাঙ্গাকারা যখন এসেছিলেন তখন শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ১৮। প্রথম দিন শেষে স্কোর ৫ উইকেটে ৭৮ হতে দেখেন তিনি। দ্বিতীয় দিন দারুণ ব্যাটিংয়ে খেলার গতি-প্রকৃতিই পাল্টে দেন বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেয়া এই ব্যাটসম্যান।
১০২তম ওভারে নিশামের প্রথম বলে কাভার দিয়ে চার মেরে দ্বিশতক করেন সাঙ্গাকারা। ওই ওভারের শেষ বলেই আউট হন টেস্টে গত ১২ মাসে সর্বোচ্চ রান করা এই ব্যাটসম্যান।
