২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুতর নয় মুশফিকের চোট

অনুশীলনে পাওয়া মুশফিকুর রহিমের চোট গুরুতর কিছু নয় বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান দ্রুত অনুশীলনে ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 04:32 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

শনিবার সকালে অ্যাপোলো হাসপাতালে মুশফিকের এমআরআই স্ক্যান করা হয়। পরে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, মুশফিকের চোট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, "গত বছর মুশফিক কাঁধের যে জায়গায় চোট পেয়েছিলেন, এবারও সেই একই জায়গায় চোট পেয়েছেন। কিন্তু তা গুরুতর কিছু নয়। তবে আগামী এক সপ্তাহ খেলার বাইরে থাকতে হবে তাকে।"

মুশফিক দ্রুত মাঠে ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেন ডা. দেবাশীষ।

"এক থেকে দুই সপ্তাহের মধ্যে মুশফিক ফের ব্যাটিং অনুশীলনে ফিরতে পারবেন।"

গত বৃহস্পতিবার ক্লাব প্রাইম দোলেশ্বরের অনুশীলনের সময় কাঁধে চোট পান মুশফিক। ওই সময়ই অবশ্য ডা. দেবাশীষ জানিয়েছিলেন, সাবেক ওয়ানডে অধিনায়কের চোট গুরুতর কিছু নয়।