সবচেয়ে দ্রুত ১২ হাজার রান সাঙ্গাকারার
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ১২ হাজার রান করার কীর্তি গড়েছেন কুমার সাঙ্গাকারা। এদিক দিয়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার আর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে শনিবার শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট করতে নামার সময় ১২ হাজার রানের ক্লাবে নিজের নাম লেখাতে সাঙ্গাকারার প্রয়োজন ছিল আর মাত্র ৫ রান।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ট্রেন্ট বোল্টের একটি বলে দুই রান নিয়ে ১২ হাজার ক্লাবে নাম লেখান সাঙ্গাকারা। দিন শেষে ৩৩ রানে অপরাজিত আছেন তিনি।
প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের ২২১ রানের জবাবে ৭৮ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কার ভরসা এখন সাঙ্গাকারাই।
টেস্ট ক্যারিয়ারের ২২৪তম ইনিংসে ১২ হাজার রান পেলেন সাঙ্গাকারা। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডের মালিক টেন্ডুলকার ১২ হাজার ক্লাবে নাম লেখান নিজের ২৪৭তম টেস্ট ইনিংসে।
টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পন্টিংও ১২ হাজার রান করেন নিজের ২৪৭তম ইনিংসে।
টেন্ডুলকার, পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়ের পর টেস্ট ক্রিকেটের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক এখন সাঙ্গাকারা।
