অভিষেকে উজ্জ্বল হ্যারমার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনে অভিষিক্ত সিমন হ্যারমারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেটে ২৭৬ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা স্পিনার হ্যারমার ৬৭ রান খরচায় ৩ উইকেট নেন।
শুক্রবার কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের কেউই বড় ইনিংস গড়তে পারেনি।
৩০ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে ওয়েস্ট ইন্ডিজ বড় জুটির আশা জাগালেও হ্যারমার তা হতে দেননি।
প্রথমে ডেভন স্মিথকে বোল্ড করে তার ও লিওন জনসনের ৫০ রানের জুটি ভাঙেন হ্যারমার। পরে জনসনকে এলবিডব্লিউ করে তার এবং মারলন স্যামুয়েলসের ৫১ রানের জুটি ভাঙেন এই অফস্পিনার।
উদ্বোধনী ব্যাটসম্যান স্মিথ ৪৭ রান করেন। আর তিন নম্বরে নামা জনসন করেন ৫৪ রান। স্টিয়ান ফান জিলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৩ রান করেন স্যামুয়েলস।
৯ রান করে শিবনারায়ন চন্দরপল হ্যারমারের তৃতীয় শিকারে পরিণত হলে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ১৭২/৫।
ষষ্ঠ উইকেটে জারমেইন ব্ল্যাকউড ও দিনেশ রামদিন দিনের শেষটা নিজেদের করার সম্ভাবনা জাগান। কিন্তু উইকেটরক্ষক রামদিন ৫৩ রান করে স্টেইনের দ্বিতীয় শিকারে পরিণত হলে ৯৪ রানে শেষ হয় সম্ভাবনাময় জুটিটি।
৪৫ রান করে অপরাজিত আছেন ব্ল্যাকউড। সঙ্গে ৫ রান নিয়ে ব্যাট করছেন জেসন হোল্ডার।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২৭৬/৬ (ব্রেথওয়েইট ৭, স্মিথ ৪৭, জনসন ৫৪, স্যামুয়েলস ৪৩, চন্দরপল ৯, ব্ল্যাকউড ৪৫*, রামদিন ৫৩, হোল্ডার ৫*; হ্যারমার ৩/৬৭, স্টেইন ২/৫৯, ভ্যান জিল ১/১৩)
