২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার ওয়ানডে দলে মালিঙ্গা, কুলাসেকারা

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কার নির্বাচকরা দলে ডেকেছেন পেসার নুয়ান কুলাসেকারাকে। চোট কাটিয়ে ফেরার পথে থাকা লাসিথ মালিঙ্গাকেও দলে রেখেছেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 07:43 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মার ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ২৬৪ রান করার ম্যাচে ৮৯ রান খরচায় ১ উইকেট নিয়েছিলেন কুলাসেকারা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েন তিনি।

ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার হিসেবে আবার দলে জায়গা ফিরে পেলেন কুলাসেকারা।

মালিঙ্গা দলে ফিরলেন গোড়ালির গাটের সফল অস্ত্রোপচার শেষে। তবে সিরিজের শেষ দিকেই কেবল খেলার সম্ভাবনা আছে তার।

এদিকে বিশ্বকাপের আগে ওয়ানডে ক্রিকেটে ভালো একটা উদ্বোধনী জুটি খুঁজে পেতে মরিয়া শ্রীলঙ্কা দল। সেই লক্ষ্যেই নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দেশটির নির্বাচকরা কুশল পেরেরাকে বাদ দিয়েছেন।

কুশলের জায়গায় তিলকারত্নে দিলশানের সঙ্গে দিমুথ করুনারত্নে ইনিংস উদ্বোধন করতে পারেন। এটা হলে সম্প্রতি খেলা তিনটি সিরিজে উদ্বোধনীতে পঞ্চম সঙ্গী পাবেন দিলশান।

১১ জানুয়ারি ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে নিউ জিল্যান্ড-শ্রীলঙ্কা ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ।

শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিস, দিনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, থিসারা পেরেরা, সুরঙ্গ লাকমাল, ধাম্মিকা প্রসাদ, শাচিত্রা সেনানায়েকে, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ, সামিন্দা এরাঙ্গা।