অস্ট্রেলিয়া দলে অ্যাগার
ভারতের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টের দলে ডাক পেয়েছেন অ্যাস্টন অ্যাগার। স্পিন শক্তি বাড়াতেই এই বাঁহাতি বোলারকে দলে নিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
ভারত ও অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ ও শেষ টেস্টটি আগামী শুক্রবার সিডনিতে শুরু হবে।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যাগার সবশেষ টেস্ট খেলেন ইংল্যান্ডে গত বছরের অ্যাশেজ সিরিজে। অভিষেক ম্যাচে ১১ নম্বরে ব্যাট করতে নেমে ৯৮ রানের একটি ইনিংস খেলেন অ্যাগার। তবে বল হাতে তেমন কিছু করতে পারেননি তিনি। সেবার অ্যাশেজের প্রথম দুই টেস্টের পর দল থেকে বাদ পড়েন।
সম্প্রতি শেফিল্ড শিল্ডেও বল হাতে খুব একটা ভালো করতে পারেননি অ্যাগার। ৪৫.১৫ গড়ে মাত্র ৭ উইকেট নেন তিনি। এরপরও অ্যাগারের দলে ডাক পাওয়ায় তাই বিস্মিত হন অনেকেই।
মঙ্গলবার মেলবোর্নে তৃতীয় টেস্ট ড্র করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ৪ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এর আগে অ্যাডিলেইডে প্রথম টেস্ট ৪৮ রানে আর ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট ৪ উইকেটে জেতে স্বাগতিকরা।
চতুর্থ টেস্টের অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, ক্রিস রজার্স, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন মার্শ, জো বার্নস, ব্র্যাড হ্যাডিন, মিচেল জনসন, মিচেল স্ট্যার্ক, ন্যাথান লায়ন, জস হ্যাজলউড, রায়ান হ্যারিস, পিটার সিডল, অ্যাস্টন অ্যাগার।
