নাঈমের অলরাউন্ড নৈপুণ্যে মোহামেডানের জয়
নাঈম ইসলামের অলরাউন্ড নৈপুণ্যে লেজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ৭ উইকেটে জিতেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে কুয়াশার কারণে ম্যাচ নেমে আসে ৩৪ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে রূপগঞ্জ। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ৯ উইকেটে ২০৪ রানের ইনিংস গড়ে দলটি।
উইকেটরক্ষক জহুরুল ইসলাম সর্বোচ্চ ৪৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন মোশাররফ হোসেন।
মোহামেডানের পক্ষে দুটি করে উইকেট নেন নাঈম ও মাশরাফি বিন মুর্তজা।
জবাবে ৪৩ রানে ২ উইকেট হারালেও তৃতীয় উইকেটে নাঈম এবং সায়েম আলমের দৃঢ়তায় দুই ওভার আগেই জয় নিশ্চিত করে মোহামেডান। ১২০ রানের জুটি গড়েন তারা দুই জন।
৬৯ বলে ৩টি চার এবং ৪টি ছক্কায় ৭৩ রান করে আউট হন সায়েম। আর অপরাজিত ৭৬ রান করেন নাঈম। তার ৭১ বলের ইনিংসটি ৩টি করে চার ও ছক্কায় সাজানো।
রূপগঞ্জের পক্ষে ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান, শরীফ উল্লাহ ও অলক কাপালি।
১৪ ম্যাচ শেষে মোহামেডান ও রূপগঞ্জের পয়েন্ট সমান ১৬। দুই দলের কেউই নেই শিরোপা লড়াইয়ে। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রাইম ব্যাংক।
