শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফল্যের রেকর্ড নিউ জিল্যান্ডের
ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চার দিনের মধ্যে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল বছর পার করার রেকর্ড গড়ল নিউ জিল্যান্ড।
সোমবার ৮ উইকেটের জয়ে ২ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। এ বছরে নিউ জিল্যান্ডের এটা পঞ্চম টেস্ট জয় যা দেশটির টেস্ট ইতিহাসে সর্বোচ্চ।
১০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন চা বিরতির খানিক পরই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউ জিল্যান্ড। ৩০.৪ ওভার খেলে মাত্র ২ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে নেয় ব্ল্যাক ক্যাপস নামে পরিচিত দলটি।
১৭ রান করে প্রথম আউট হয়ে ফেরেন টম ল্যাথাম। দলকে ৪৩ রানে রেখে প্যাভিলিয়নে ফেরেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান হামিশ রাদারফোর্ড। সামিন্দা এরাঙ্গার একটি শর্ট বলে আউট হওয়ার আগে ১০ রান করেন তিনি।
দ্রুত ২ উইকেট হারালেও রস টেইলর আর কেন উইলিয়ামসন আর কোনো উইকেট পড়তে না দিয়েই দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। টেইলর ৩৯ ও উইলিয়ামসন ৩১ রানে অপরাজিত ছিলেন।
প্রথম ইনিংসে ব্রেন্ডন ম্যাককালামের ১৯৫ রানের কল্যাণে ক্রাইস্টচার্চ টেস্টের শুরু থেকেই ছড়ি ঘোরাতে থাকে নিউ জিল্যান্ড। ১৩৪ বলে খেলা অসাধারণ এই ইনিংসটি ম্যাককালামকে ম্যাচ সেরার পুরস্কারও এনে দেয়।
প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের ৪৪১ রানের জবাবে ১৩৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ালেও স্বাগতিকদের লড়াই করার মতো লক্ষ্য দিতে পারেনি তারা।
৫ উইকেটে ২৯৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা শ্রীলঙ্কাকে ৪০৭ রানে গুটিয়ে দেয় সাউদি ও বোল্ট।
৭০ ওভারের পুরানো বলেও অসাধারণ সুইং করান দুই বোলারই। আর তাতেই দিশেহারা হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ৯১ রান দিয়ে ৪ উইকেট নেন সাউদি। আর বোল্ট ৪ উইকেট নিতে খরচ করেন ১০০ রান।
দুই ইনিংস মিলিয়ে শ্রীলঙ্কার ২০ উইকেটের ১৩টিই নেন সাউদি আর বোল্ট।
১৫২ রান করা দিমুথ করুনারত্নে তৃতীয় দিনেই আউট হওয়ার পর নিউ জিল্যান্ডের জয়ের পথে বাধা হয়ে ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। আগের দিন ৫৩ রানে অপরাজিত থাকা ম্যাথিউস সোমবার আর ১৩ রানই যোগ করতে পারেন।
সাউদির একটি বাউন্সারে হুক করতে গিয়ে উইকেটের পেছনে বিজে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ দেয়ার আগে ৬৬ রান করেন ম্যাথিউস। অপরাজিত থাকা এরাঙ্গার ৬২ বলে ৪৫ রানে অতিথিদের সংগ্রহ চারশ’ পার হয়।
পাঁচটি টেস্ট জয় নিয়ে বছরটা শেষ করলো নিউ জিল্যান্ড। দেশটির ৮৪ বছরের টেস্ট ইতিহাসে এটাই সবচেয়ে সফল বছর। এর আগে ১৯৮৫, ১৯৯৮, ১৯৯৯, ২০০২ ও ২০০৮ সালে ৪টি করে ম্যাচ জেতে নিউ জিল্যান্ড।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি আগামী শনিবার ওয়েলিংটনে শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৪৪১ (ম্যাককালাম ১৯৫, নিশাম ৮৫, উইলিয়ামসন ৫৪; ম্যাথিউস ৩/৩৯, লাকমল ৩/৯০) ও ১০৭/২ (ল্যাথাম ১৭, রাদারফোর্ড ১০, উইলিয়ামসন ৩১*, টেইলর ৩৯*; এরাঙ্গা ১/২০, কুশল ১/৪৮)।
শ্রীলঙ্কা: ১৩৮ (ম্যাথিউস ৫০, থিরিমান্নে ২৪; বোল্ট ৩/২৫, ওয়াগনার ৩/৬০) ও ৪০৭(করুনারত্নে ১৫২, সিলভা ৩৩, সাঙ্গাকারা ১, থিরিমান্নে ২৫, ম্যাথিউস ৬৬, ডিকওয়েলা ৪, কুশল ১২, প্রসন্ন জয়াবর্ধনে ২৩, প্রসাদ ৪, এরাঙ্গা ৪৫*, লাকমাল ১৬; সাউদি ৪/৯১, বোল্ট ৪/১০০, নিশাম ১/২৯, ক্রেইগ ১/৮৪) ।
ফল: নিউ জিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: ব্রেন্ডন ম্যাককালাম (নিউ জিল্যান্ড)।
সিরিজ: ২ ম্যাচের সিরিজে নিউ জিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে।
