অনন্য স্মিথে রানের পাহাড়ে চাপা ভারত
মেলবোর্ন টেস্টের প্রথম দিন বোলাররা ভারতকে লড়াইয়ে রাখলেও উইকেটে ছিলেন স্টিভেন স্মিথ। দ্বিতীয় দিন বোলারদের পিটিয়ে দলকে ঠিকই বিশাল সংগ্রহ এনে দিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
ডান-হাতি এই ব্যাটসম্যানের ক্যারিয়ার সেরা ১৯২ রানে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৫৩০।
বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে অতিথিদের শুরুটা ভালোই হয়েছে। দিন শেষে শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০৮। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ৪২২ রানে পিছিয়ে আছে ভারত।
শনিবার ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলতে নেমে ব্র্যাড হ্যাডিনকে নিয়ে ষষ্ঠ উইকেটের জুটিটাকে ১১০ রানে নিয়ে যান স্মিথ। ৫৫ রানে মোহাম্মদ সামির বলে হ্যাডিন আউট হওয়ার পর মিচেল জনসনের সঙ্গে অর্ধশত রানের জুটি গড়েন তিনি।
রায়ান হ্যারিসের সঙ্গে স্মিথের আরেকটি শত রানের জুটিতে হতাশায় পোড়ে ভারত। রানের গতি বাড়াতে গিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ ৭৪ রানে হ্যারিস ফিরলেও বোলারদের ইচ্ছেমতো পিটিয়ে রান তুলতে থাকেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
প্রথম দিন চাপের মধ্যে ব্যাট করতে এসে নিজেকে গুটিয়ে রেখেছিলেন স্মিথ। দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর দ্রুত রান তোলায় মনোযোগ দেন তিনি।
এমনকি দ্রুত রান তুলে ভারতকে দিনের শেষে ব্যাটিংয়ে পাঠানোর জন্য নিজের দ্বিশতকের কথাও বিবেচনা করেননি ২৫ বছর বয়সী স্মিথ। শেষের দিকে এক রান না নিয়ে চার মারতেই মনোযোগী ছিলেন তিনি। উমেশ যাদবের বলে চা বিরতির আগে বোল্ড হওয়ার সময় প্রথম দ্বিশতক থেকে মাত্র আট রান দূরে ছিলেন মাইকেল ক্লার্কের জায়গায় এই সিরিজেই দায়িত্ব পাওয়া স্মিথ।
স্মিথের ৩০৫ বলে ১৯২ রানের ইনিংসটি ১৫টি চার ও ২ ছক্কায় সাজানো। এ নিয়ে টানা তিন টেস্টে এবং অধিনাযক হিসেবে টানা দুই টেস্টে শতক পেলেন তিনি। অস্ট্রেলিয়ার কোনো অধিনায়ক এর আগে প্রথম দুই টেস্টে শতক করতে পারেনি।
অ্যাডিলেইডে প্রথম টেস্টে স্মিথকে আউটই করতে পারেনি ভারতের বোলাররা; ১৬২ ও ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। ব্রিসবেনে তার ব্যাট থেকে আসে ১৩৩ ও ২৮ রানের দুটি ইনিংস।
ভারতের চার মূল বোলারের সবাই একশর বেশি রান দিয়েছেন। এদের মধ্যে সবচেয়ে সফল সামি ৪ উইকেট নিতে দিয়েছেন ১৩৮ রান।
দিনের তৃতীয় সেশনটা অবশ্য ভারতেরই ছিল। অর্ধশত রানের জুটি গড়ার পর হ্যারিসের বলে দ্বিতীয় স্লিপে স্মিথের হাতে ধরা পড়েন ধাওয়ান। চেতেশ্বর পুজারাকে নিয়ে ৫৫ রানে অপরাজিত আছেন মুরালি বিজয়।
চার ম্যাচের সিরিজ বাঁচিয়ে রাখতে তৃতীয় টেস্টে জয়ের কোনো বিকল্প নেই ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতের।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫৩০ (রজার্স ৫৭, ওয়ার্নার ০, ওয়াটসন ৫২, স্মিথ ১৯২, মার্শ ৩২, বার্নস ১৩, হ্যাডিন ৫৫, জনসন ২৮, হ্যারিস ৭৪, লিয়ন ১১, হ্যাজেলউড ০*; সামি ৪/১৩৮, উমেশ ৩/১৩০, অশ্বিন ৩/১৩৪, শর্মা ০/১০৪)।
ভারত: ১০৮/১ (বিজয় ৫৫*, ধাওয়ান ২৮, পুজারা ২৫*; হ্যারিস ১/১৯)।
