২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাউন্সার দিয়ে ফিরলেন অ্যাবট

যে বাউন্সারে লুটিয়ে পড়ে ফিলিপ হিউসের মৃত্যু হলো, সেই বাউন্সার দিয়েই আবার ক্রিকেটে ফিরেছেন শন অ্যাবট। কুইন্সল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম ওভারেই বাউন্সার দেন নিউ সাউথ ওয়েলসের এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 05:58 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

অ্যাবটের বাউন্সারে যে মাঠে হিউস লুটিয়ে পড়েন, সেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডের চার দিনের ম্যাচটি শুরু হয়।

শেফিল্ড শিল্ডের ম্যাচটিতে অ্যাবট বল করতে আসেন ১৩তম ওভারে। অ্যাবটের প্রথম চার বল থেকে কোনো রান হয়নি। পঞ্চম বলটি বাউন্সার দেন তিনি। তবে কুইন্সল্যান্ডের ব্যাটসম্যান জো বার্নস বলটি খুব ভালোভাবেই ছাড়তে পারেন।

এক সময় নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলা হিউসকে স্মরণ করে দলটি। ‘পিজেএইচ ৭০৭’ লেখা কালো বাহুবন্ধনী পরে খেলে তাদের খেলোয়াড়রা। দলটির হয়ে খেলা ৭০৭ নম্বর ক্রিকেটার ছিলেন হিউস। পরে তিনি নিচের রাজ্যদল ছেড়ে সাউথ অস্ট্রেলিয়া দলে যোগ দেন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত ২৫ নভেম্বর অ্যাবটের দেয়া শর্ট বলে হুক করতে গিয়ে আঘাত পেয়েছিলেন ফিলিপ হিউস; মৃত্যুর সঙ্গে লড়াই করে দুই দিন পরে তিনি মারা যান।

হিউসের মৃত্যুতে মানসিকভাবে মুষড়ে পড়েন ২২ বছর বয়সী অ্যাবট। অনেকেই মনে করেছিলেন, এরপর স্বাভাবিক হয়ে অ্যাবটের আবার ক্রিকেটে ফেরা কঠিন হবে।