শেষ ওভারে শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়
শেষ ওভারে গড়ানো ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে শ্রীলঙ্কা। ২ বল বাকি থাকতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
কুমার সাঙ্গাকারার ভালো ব্যাটিংয়ে রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডে জিতে ৭ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
২৬৬ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কা ২৮ রানেই প্রথম উইকেট হারায়। ২১ বলে ১৬ রান করে আউট হয়ে যান মারকুটে উদ্বোধনী ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান।
দলের ৬৯ রানে আউট হয়ে ফেরেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরা। তবে দলকে বিপদে পড়তে দেননি সাঙ্গাকারা। ১০৫ বলে ৮৬ রানের অনবদ্য এক ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয়ের ভিত গড়ে দেন তিনিই।
৭টি চারে সাজানো ইনিংসটি খেলার পথে সাঙ্গাকারা তৃতীয় উইকেটে মাহেলা জয়াবর্ধনেকে সঙ্গে নিয়ে গড়েন ৯৬ রানের জুটি। ৪টি চারে ৫০ বলে ৪৪ রান করে আউট হন জয়াবর্ধনে।
দলের ২১৪ রানে ক্রিস জর্ডানের বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ আউট হওয়ার আগে এ বছরে ওয়ানডেতে ১ হাজার রান তোলার মাইলফলকও অতিক্রম করেন সাঙ্গাকারা।
দুই বন্ধু সাঙ্গাকারা ও জয়াবর্ধনে আউট হয়ে গেলেও দলকে জয়ের বন্দরে নোঙর করান অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউস ও লাহিরু থিরিমান্নে। ম্যাথিউস ৬০ বলে অপরাজিত ৫১ আর থিরিমান্নে ২১ বলে অপরাজিত ১৯ রান করেন।
ইংল্যান্ডের জর্ডান ৩৫ রানে ২ উইকেট নেন। একটি করে উইকেট পান মইন আলি ও ওকস।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড ৫০ ওভারে ২৬৫ রান তুলে অলআউট হয়।
২৯ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর জেমস টেইলর ও এই ম্যাচের অধিনায়ক ওয়েন মর্গানের দুটি অর্ধশতকে লড়াই করার মতো রান তুলতে পারে ইংল্যান্ড।
৬টি চার ও দুটি ছয়ে ১০৯ বলে ৯০ রান করেন টেইলর। আর মর্গানের ৪৭ বলে ৬২ রানের ইনিংসটি ৪টি চার ও ৩টি ছয়ে সাজানো।
৩টি করে উইকেট নেন শ্রীলঙ্কার তিন স্পিনার রঙ্গনা হেরাথ, অজান্তা মেন্ডিস ও দিলশান। তবে ম্যাচ সেরার পুরস্কার গেছে ব্যাট হাতে ভালো করা সাঙ্গাকারার অধিকারেই।
